২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি’র বাসে হামলা: জড়িতদের অবস্থান সনাক্ত হয়নি একবছরেও

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক বাসে বোমা হামলার ঘটনায় গ্রেপ্তারদের বাইরে অনেকের নাম তদন্তে এলেও পুলিশ তাদের অবস্থান সনাক্ত করতে পারেনি একবছরেও।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2015, 11:36 AM

Updated : 12 Oct 2022, 04:12 PM

পুরনো খবর:

চবি শিক্ষক বাসে শিবিরের বোমা, আহত ১৪

পুলিশ বাহিনীর কর্মকর্তরাই এ বিষয়টিকে ‘দুর্ভাগ্যজনক’ বলছেন। আর এক বছরেও হামলার বিচার শুরু করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

একটি ছাত্রাবাস খুলে দেওয়ার দাবিতে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে ইসলামী ছাত্রশিবিরের ডাকা লাগাতার ধর্মঘটের মধ্যে গতবছর ১০ সেপ্টেম্বর শিক্ষকদের বাসে ওই হামলার ঘটনা ঘটে।

হাটহাজারির ছড়ারকুলের আগে বালুরটাল এলাকায় চালানো ওই হামলায় শিক্ষকসহ ১৪ জন আহত হন। 

ওই ঘটনায় অজ্ঞাতপরিচয় ১৫-২০ জনকে আসামি করে মামলা করেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক রবিউল ইসলাম।

ঘটনার বছর পেরোনোর দিনে মামলার অগ্রগতি জানতে চাইলে হাটহাজারি থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিভিন্ন সময়ে আটক ১৪ জনকে ও মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

“ঘটনার পরপর গ্রেপ্তার মো. তৌহিদ ও মো. ইউসুফ নামে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের জবানবন্দিতে গ্রেপ্তার ১৪ জনের বাইরেও অনেকের নাম এসেছে।”  

জবানবন্দিতে যাদের নাম এসেছে, তাদের গ্রেপ্তারের জন্য বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে জানিয়ে সালাউদ্দিন বলেন, “কাউকেই পাওয়া যায়নি।”

Image
গতবছর ১০ সেপ্টেম্বর হাটহাজারির বালুরটাল এলাকায় ওই হামলায় শিক্ষকসহ ১৪ জন আহত হন। 

গতবছর ১০ সেপ্টেম্বর হাটহাজারির বালুরটাল এলাকায় ওই হামলায় শিক্ষকসহ ১৪ জন আহত হন। 

আসামিদের অবস্থান সনাক্ত করতে না পারাকে ‘দুর্ভাগ্যজনক’ মন্তব্য করে পুলিশের এই কর্মকর্তা বলেন, “অবস্থান সনাক্ত না করে অভিযোগপত্র দেওয়া হলে মূল আসামিরা পার পেয়ে যাবে। তাদের ধরতে পুলিশ কাজ করে যাচ্ছে।”

এক বছরেও মামলার বিচার শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী এসএম খসরুল আলম কুদ্দুসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এর ফলে আগামীতেও এ ধরনের কাজ করতে দুস্কৃতকারীরা উৎসাহিত হবে।”

বোমা হামলার এক বছর পূর্তিতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশে হামলাকারীদের বিচারের দাবি জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, “শিক্ষার্থীদের হাতে শিক্ষকরা হামলার শিকার হয়েছিলেন এ কথা ভাবতেও অবাক লাগে।”

শিক্ষক সমিতির সহ-সভাপতি হানিফ সিদ্দিকীর সভাপতিত্বে ও খসরুল আলম কুদ্দুসীর সঞ্চালনায় সমাবেশে কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক মো. সেকান্দর চৌধুরী, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবুল হোসাইন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাহবুবুর রহমান, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক বেনু কুমার দে বক্তব্য দেন।