সাংবাদিকদের বেতন বাড়ানোর দাবি সিইউজে’র
সংবাদপত্র, সংবাদ সংস্থা ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের বেতন বাড়ানোর দাবি জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
বুধবার সিইউজে এর সভাপতি এজাজ ইউসুফী ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, সরকারি কর্মকতা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল ঘোষণা করা হয়েছে। এই পে-স্কেলে বিপুল সংখ্যক শিক্ষককেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
“সংবাদপত্র ও সংবাদ সংস্থার জন্য সরকার সর্বশেষ ২০১২ সালের জুনে অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণা করে। মজুরি বোর্ডের প্রতিবেদনে মন্ত্রী পরিষদের অনুমোদনের পর ২০১৩ সালের ৯ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করা হয়।”
সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা মূল ধরে একদিন আগে সরকারি চাকুরেদের জন্য অষ্টম বেতন কাঠামো অনুমোদন করে সরকার, যাতে তাদের বেতন বেড়েছে গ্রেড ভেদে ৯১ থেকে ১০১ শতাংশ।
এর সঙ্গে সঙ্গতি রেখে সশস্ত্র বাহিনীর জন্যও নতুন বেতন কাঠামো অনুমোদন দেওয়া হয়। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদেরও নতুন কাঠামোতে বেতন দেওয়ার ঘোষণা এসেছে।
সিইউজে নেতারা বলেন, ইতোমধ্যে ওয়েজ বোর্ড ঘোষণার দুই বছর অতিক্রান্ত হয়েছে। এসময়ে জীবনযাত্রার ব্যয় যেমন বেড়েছে তেমনি মুদ্রাস্ফীতিও বেড়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল কার্যকরের পর জীবন যাত্রার ব্যয় আরও বেড়ে যাবে।
বিবৃতিতে বর্তমান সরকারকে সাংবাদিক বান্ধব উল্লেখ করে তাদের দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।
