চট্টগ্রামে হকারদের দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া
চট্টগ্রামের স্টেশন রোড এলাকায় ফুটপাথে দোকান বসানো নিয়ে হকারদের দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার রাত ৮টার দিকে নগরীর অন্যতম ব্যস্ততম নিউ মার্কেট সংলগ্ন স্টেশন রোড এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ওই এলাকায় যানবাহন চলাচল কমে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশন রোড এলাকায় দোকান বসানো নিয়ে হকার্স ফেডারেশন ও হকার্স লীগের কর্মীদের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মিজানুর রহমান বলেন, দুইপক্ষের নেতাদের সঙ্গে কথা বলে হকারদের শান্ত করা গেছে। বর্তমানে ফুটপাথের সব দোকান বন্ধ করে দেওয়া হয়েছে।
নিউমার্কেট ও স্টেশন রোড এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
