২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লোকসংস্কৃতি মেলে ধরা শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী চট্টগ্রামে

দক্ষিণ এশিয়ার লোকসংস্কৃতির নানান দিক নিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক প্রদর্শনী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 10:40 PM

Updated : 25 Apr 2022, 01:49 PM

রোববার বাংলাদেশ, ভারত ও নেপালের লোকশিল্পকে তুলে ধরতে দুই পর্বের এই আয়োজনের প্রথম পর্ব উদ্বোধন করেন সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন।

নগরীতে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পী রশিদ চৌধুরী আর্ট গ্যালারিতে এ আয়োজনের উদ্বোধন করেন তিনি। 

ভারত, নেপাল ও বাংলাদেশের ১৮ জন শিল্পীর মোট ৫১টি শিল্পকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে।

বাংলাদেশের ব্যানার পেইন্টিং, রিকশা আর্ট ও আল্পনা, নেপালের মিথিলা ও থানকা এবং ভারতের মধুবনী ও পটচিত্র এই সাত ধারার ছবি প্রদর্শন করা হবে।

প্রদর্শনীর দায়িত্বে থাকা মেহেরুন্নেসা সুমি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দক্ষিণ এশীয় সমাজে জীবনাচরণ, চিন্তা ও সামাজিক সম্পর্ক এমনকি ধর্মীয় ও পৌরাণিক বিশ্বাসগুলোর মধ্যে যে নিবিড় সম্পর্ক রয়েছে তা নানা মাধ্যমে তুলে ধরা হবে এ প্রদর্শনীতে।

“এ অঞ্চলের সমাজগুলোর মধ্যে যে নৃতাত্তিক শৈল্পিক সম্পর্ক রয়েছে তিন দেশের শিল্পিরা সেটির উন্মোচন করবেন এ প্রদর্শনীতে।”  

প্রদর্শনীর দ্বিতীয় অংশ শুরু হবে ১৩ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের লেকচার থিয়েটারে।