সুবিধাবঞ্চিত শিশুদের পাশে চট্টগ্রাম পুলিশ
সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের নিয়ে চট্টগ্রাম মহানগর পুলিশ ‘প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম’ চালু করেছে।
নানা ঘটনায় সমালোচনায় থাকা পুলিশ বাহিনীর ব্যতিক্রমী এ উদ্যোগে চট্টগ্রাম পুলিশ লাইনের মেসে কাজ করা শিশু-কিশোরদের শিক্ষা বিশেষ করে অক্ষরজ্ঞান দেওয়া হচ্ছে।
আনুষ্ঠানিকভাবে এখনও উদ্বোধন না হলেও এ প্রক্রিয়ায় প্রাথমিকভাবে অর্ধশতাধিক শিশু-কিশোর শিক্ষা গ্রহণ করছে, যাদের শিক্ষা সরঞ্জামও দেওয়া হচ্ছে বিনামূল্যে।
এ কর্মসূচির অন্যতম উদ্যোক্তা নগর পুলিশের সহকারী কমিশনার (ফোর্স) মঈনুল ইসলাম বলেন, “পুলিশ মেসে কাজ করা নিরক্ষর শিশু-কিশোরদের জানার আগ্রহ থেকেই তাদের অক্ষরজ্ঞান সম্পন্ন করে তুলতে এ উদ্যোগ।”
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদরদপ্তর) মো. শহীদুল্লাহ জানান, আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর চট্টগ্রামে বিভিন্ন পেশায় নিয়োজিত সুবিধাবঞ্চিত শিশুদেরও এই কার্যক্রমে যুক্ত করা হবে।
এই কার্যক্রম পরিচালনার জন্য ইতোমধ্যে একটি নীতিমালা ও শিক্ষাসূচিও করা হয়েছে।
সহকারী কমিশনার মঈনুল ইসলাম জানান, পুলিশ ইনস্টিটিউটের নবম ও দশম শিক্ষার্থীরা বিকালে সুবিধাবঞ্চিত এই শিশুদের পাঠদান করবেন এবং স্কুল শিক্ষকরা তা তদারক করবেন।
এই স্কুলে পড়তে আসা শিক্ষার্থীদের ‘প্রাক প্রাথমিকে’ ভর্তি করানো হবে। সেখান থেকে তাদের প্রাথমিক শিক্ষা সম্পন্ন হবে।
পুলিশ কর্মকর্তা মঈনুল বলেন, “এই শিশুদের সবাই কর্মজীবী আবার তাদের অনেকেই এতিম। বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এসব শিশুদের ক্লাসে পড়ানো হবে।”
পুলিশ কর্মকর্তা মঈনুল জানান, প্রথমে এই শিশুদের প্রাক প্রাথমিকে ছয় মাস করে পড়ানো হবে। এর পর তাদের মেধানুযায়ী শ্রেণিতে ভর্তি করানো হবে।
সপ্তাহে পাঁচ দিন পাঠদান ছাড়াও বৃহস্পতিবার তাদের জন্য ধর্মীয় ও নৈতিক শিক্ষা হিসেবে কোরআন ও গীতা শিক্ষা দেওয়া হবে। পাশাপাশি সাংস্কৃতিক ও খেলাধূলার বিষয়টিও রাখা হয়েছে।
সহকারী কমিশনার মঈনুল বলেন, প্রাথমিক শিক্ষাসম্পন্ন করে কেউ যদি আরও পড়াশোনা চালাতে চায় তাদের পুলিশ ইনস্টিটিউশনের অধীনে মূল শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত করা হবে এবং এক্ষেত্রে তাদের বৃত্তি প্রদানেরও একটা বিষয় নীতিমালায় রাখা হয়েছে।
