ধর্ষণের ঘটনায় চট্টগ্রামে দুজনের যাবজ্জীবন
সতের বছর আগের এক ধর্ষণ মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
প্রতীকী ছবি
সাজাপ্রাপ্তরা হলেন- বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদী গ্রামের মোহাম্মদ জসিম ও দিদারুল আলম। দুইজনই পলাতক আছেন।
ট্রাইব্যুনালের পিপি জেসমিন আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক পাঁচ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।”
মফিজুর রহমান ও আবুল বশর নামে আরও দুজন আসামি থাকলেও মারা যাওয়ায় তাদের মামলা থেকে বাদ দেওয়া হয় বলে জানান তিনি।
আদালত থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, ১৯৯৮ সালের ২৬ মার্চ মিরসরাই থেকে বোয়ালখালীতে বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হন ওই তরুণী।
চার আসামি বেড়া কেটে ঘরে ঢুকে ওই তরুণীর বোন-বোন জামাইকে দড়ি দিয়ে বেঁধে রেখে তাকে পালাক্রমে ধর্ষণ করেন।
এই ঘটনায় বোয়ালখালী থানায় মামলার পর ১৯৯৮ সালের ৩ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেওয়া হয় এবং পরের বছরের ১৭ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
সাক্ষীর অভাবে মামলার রায় ঘোষণা করতে দেরি হয়েছে বলে জানান পিপি জেসমিন।
