চট্টগ্রামে যানজট নিরসনে গণপরিবহন বাড়ানোর পরামর্শ
বন্দরনগরীর যানজট ও পরিবহন সঙ্কট নিরসনে বাস ও ট্রেনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি নৌপথ পুনরুদ্ধারের উপর গুরুত্বারোপ করা হয়েছে।
শনিবার বিকালে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে এক গোলটেবিল বৈঠকে যানজট ও পরিবহন সমস্যা সমাধানে সরকারকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান বক্তারা।
নগরীর গণপরিবহন সংকট নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সহ-সভাপতি প্রকৌশলী সুভাষ চন্দ্র বড়ুয়া।
তিনি বলেন, “চট্টগ্রাম শহরে জনসংখ্যার সাথে পাল্লা দিয়ে বাড়ছে যানজট ও পরিবহন সমস্যা। এ সমস্যা থেকে পরিত্রাণের সহজ উপায় হল বাস, ট্রেন ও নৌযানের সংখ্যা বাড়ানো।
“যেখানে একটি রিকশা, সিএনজি অটোরিকশা ও প্রাইভেট কার গড়ে দুই থেকে চারজন যাত্রী পরিবহন করে সেখানে একটি বাস ৫০ জন যাত্রী পরিবহন করে।
“এজন্য ট্রেন, নৌযান ও বাসের মত গণপরিবহনের উপর গুরুত্বারোপ করা হলে তা যানজট নিরসনের পাশাপাশি সড়ক ও জ্বালানি ব্যয় হ্রাসের পাশাপাশি পরিবেশের ওপর চাপ কমাবে।”
সভায় সড়ক দুর্ঘটনা হ্রাসের জন্য রেলপথে যাত্রী পরিবহনের উপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভায় সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের প্রশিক্ষণ ও ট্রাফিক ব্যবস্থা সংস্কারের কথা বলেন বক্তারা।
সমাজ সমীক্ষা সংঘ আয়োজিত এ বৈঠকে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি, স্থপতি জেরিনা হোসেন, আনসার ভিডিপি চট্টগ্রাম রেজ্ঞ সদর দপ্তরের উপ-পরিচালক এস এম আজিম উদ্দিন, পুলিশের সহকারী কমিশনার ট্রাফিক (বন্দর) আনোয়ার হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রামের সভাপতি মোহাম্মদ মুছা, সাধারণ সম্পাদক অলি আহমদ প্রমুখ।
