চট্টগ্রামে জোড়া খুনে মামলা, গ্রেপ্তার মনা রিমান্ডে
চট্টগ্রাম নগরীর বায়েজিদ খানার শেরশাহ বাংলাবাজার এলাকায় কথিত ফকিরের আস্তানায় দুই জনকে গলাকেটে হত্যার ঘটনায় নিহত একজনের ভাই বাদী হয়ে মামলা করেছেন।
শুক্রবারের ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক আবদুল মান্নান ওরফে মনাকে (৪০) এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
নিহত আব্দুল কাদেরের ভাই নুরুল ইসলাম শনিবার সন্ধ্যায় নগরীর বায়েজিদ থানায় মামলাটি দায়ের করেন।
ওই থানার এসআই সৈয়দ ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় কারও নাম উল্লেখ না করে অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হয়েছে।
তিনি বলেন, ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মনাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের হেফাজত মঞ্জুর করে।
“এখন পর্যন্ত মনে হচ্ছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।”
শুক্রবার দুপুরে শেরশাহ বাংলাবাজার এলাকায় আস্তানায় ঢুকে কথিত ফকির রহমত উল্লাহ ওরফে লেংটা মামু (৬০) এবং খাদেম মো. আব্দুল কাদেরকে (৩০) গলাকেটে হত্যা করা হয়।
স্থানীয়রা জানান, দুপুরে জুমার নামাজের সময় এক যুবক এসে রহমত ও তার খাদেমকে খুন করে পাহাড়ের মধ্যে দিয়ে জামতলা হয়ে পালিয়ে যায়।
এ সময় স্থানীয় লোকজন তাকে ধাওয়া করলে সে দুটি হাতবোমা ফাটায়। বোমার স্প্লিন্টারে মো. মনির (২৬) ও মো. মুন্না (৭) নামে দুই জন আহত হন।
