২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ২ নাগরিককে হত্যার হুমকির বিচার দাবি

সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন ও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্তকে হত্যার হুমকিদাতাদের বিচারের দাবি জানিয়েছে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2015, 07:29 PM

Updated : 22 Aug 2022, 01:09 PM

শুক্রবার নগরীর চেরাগী পাহাড় মোড়ে আয়োজিত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সদস্য সচিব ডা. চন্দন দাশ বলেন, অসাম্প্রদায়িক ও মুক্তচিন্তার বাতিঘরগুলো মৌলবাদী গোষ্ঠীর প্রধান লক্ষ্যে পরিণত হয়েছে।

ঐক্যবদ্ধভাবে এ উগ্রপন্থীদের মোকাবেলা করার আহ্বান জানান তিনি।

সমন্বয়ক শরীফ চৌহান বলেন, অসাম্প্রদায়িক ও মুক্তমনা মানুষদের ওপর জঙ্গী গোষ্ঠীর হামলার ঘটনায় সরকারের নির্লিপ্ততার কারণে ড. অনুপম সেন ও রানা দাশগুপ্তকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

হুমকিদাতাদের দ্রুত চিহ্নিত করে বিচারের পাশাপাশি তাদের নিরাপত্তা দেয়ারও দাবি জানান তিনি।  

আনসারউল্লাহ বাংলা টিমের নামে গত বুধবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অশোক কুমার দাশ ও অতিরিক্ত পিপি চন্দন বিশ্বাসের মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়।

তাদের পাশাপাশি ওই এসএমএস-এ ‘পরবর্তী লক্ষ্য’ হিসেবে একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী অনুপম সেন এবং যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্তের নামও উল্লেখ করা হয়।

সমাবেশের আগে গণজাগরণ মঞ্চের একটি মিছিল নগরীর প্রেসক্লাব থেকে আন্দরকিল্লা হয়ে চেরাগী পাহাড়ে এসে শেষ হয়।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, মুক্তিযোদ্ধা পঞ্চানন চৌধুরী, বালাগত উল্লাহ, তপন দস্তিদার, সুরজিত দাশ, উদীচী চট্টগ্রাম জেলার সহ-সভাপতি সুনীল ধর, সহ-সাধারণ সম্পাদক জয় সেন, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি শিমুল বৈষ্ণব, শিশু সংগঠক আশীষ সেন, জামাল উদ্দিন, ইউসুফ মাহমুদ, অমল কান্তি নাথ, সালমা জাহান মিলি ও মোরশেদ আলম চৌধুরী।