চট্টগ্রামে অনুমোদনহীন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সিলগালা
চট্টগ্রামে অনুমোদনহীন এক মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সিলগালা করে চিকিৎসাধীন ৪০ মাদকাসক্তকে অভিভাবকদের কাছে ফিরিয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার নগরীর হালিশহরের রামপুরা এলাকায় ‘লাইফ কেয়ার’ নামে ওই নিরাময় কেন্দ্র পরিচালনার সঙ্গে যুক্ত ছয়জনকে দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
তবে নিরাময় কেন্দ্রের মালিক মোজাম্মেল হোসেন পালিয়ে গেছেন বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের তত্ত্বাবধায়ক চৌধুরী ইমরুল হাসান জানিয়েছেন।
অভিযানের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদন ছাড়া যথাযথ প্রক্রিয়া না মেনে নিরাময় কেন্দ্রটি পরিচালিত হচ্ছিল।
“কেন্দ্রটি পরিচালনার সঙ্গে যুক্ত সন্দেহে ছয়জনকে আটকের পর প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।”
দণ্ডিতরা হলেন- মো. ফারজিল (২৬), মনির উদ্দিন (৩০), কামরুল হাসান (২৬), এরশাদ হোসেন (৪০), মো. হানিফ (৪৩) ও মোবারক আলী (৪১)।
এছাড়া কেন্দ্রটি সিলগালা করে চিকিৎসাধীন ৪০ মাদকাসক্তকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে বলে জানান ইয়ামিন।
প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
