২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

সীতাকুণ্ডে সাগরে ডুবে ২ বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

দুজনই আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

সীতাকুণ্ডে সাগরে ডুবে ২ বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2023, 09:47 PM

Updated : 24 Jul 2023, 11:52 PM

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ডুবে মারা গেছেন বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে সমুদ্র সৈকতে গোসল করতে নামেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী।  

এর মধ্যে দুজন ভেসে যান ভাটার টানে। রাত সাড়ে ১০টার দিকে দুজনের লাশ উদ্ধার করা হয়।

মৃত দুই শিক্ষার্থী হলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়া বিভাগের তৃতীয় সেমিস্টারের মোহাম্মদ আলী আহসান মারুফ এবং কোরানিক সাইয়েন্সের তৃতীয় সেমিস্টারের এনায়েত উল্লাহ। মারুফের বাড়ি কুমিল্লা এবং এনায়েতের বাড়ি ভৈরবে।

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাঁশবাড়িয়া সৈকতে বেড়াতে গিয়ে গোসল করতে নেমেছিল তিন বন্ধু মারুফ, এনায়েত ও একরাম। এসময় মারুফ ও এনায়েতকে স্রোতে ভেসে যেতে দেখে একরাম স্থানীয়দের খবর দেয়।”

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।

রাত সাড়ে ১০টার দিকে দুই ছাত্রকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ইফতেখার উদ্দিন।

তিনি বলেন, “তিন শিক্ষার্থী বাঁশবাড়িয়া সৈকতে বেড়াতে গিয়ে গোসল করতে নামে এবং দুইজন ভেসে গিয়েছিল। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।”