Published : 26 Nov 2024, 08:42 PM
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের পেলে ‘গণধোলাই’ দিয়ে পুলিশে সোপর্দ করতে বলা চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি আহসান হাবিবকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রশাসনিক কারণে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।”
গত রোববার সন্ধ্যায় দক্ষিণ রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় স্থানীয় বিএনপি-যুবদল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ওসি আহসান হাবিব।
সেখানে তিনি বলেন, “একটি কথা বলতে চাই যারা ৫ অগাস্টের আগে নিরীহ মানুষের বাড়িঘর ভাঙচুর, মারপিট করেছে, দখল করছে তাদের ঠাঁই দক্ষিণ রাঙ্গুনিয়ায় হবে না। তাদেরকে গণধোলাই দিয়া পুলিশের হাতে দিবেন, নিষিদ্ধ ছাত্রলীগের ঠাঁই হবে না। তাদের গণধোলাই দিয়ে থানায় সোপার্দ করবেন।”
বক্তব্যের শুরুতে তিনি মানবতাবিরোধী অপরাধে ফাঁসিতে ঝোলা বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে রাঙ্গুনিয়ার বীর সন্তান শহীদ হিসেবে সম্বোধন করে বলেন, “রাঙ্গুনিয়ার বীর সন্তান শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শুরু করছি।”
তিনি বলেন, “৫ অগাস্টের ছাত্র-জনতার গণঅভু্ত্থ্যানের মাস্টার মাইন্ড তারেক রহমানের নির্দেশ ছিল। তার নির্দেশে ঢাকাকে ছয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল, এ ছয় সেক্টরের লোকজনই স্বাধীন করেছে।”
নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে ওইদিন ওসি আহসান হাবিব বলেছিলেন, “বিএনপি বৃহত্তর দল। দল-মত থাকতেই পারে, দল যাকে নির্বাচনের জন্য ঘোষণা করবে তার সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব।”
আওয়ামী লীগের সমোলাচনা করে তিনি আরও বলেন, “আওয়ামী লীগের সময় ধর্ষণ হয়। ভিকারুননিসা নুন স্কুলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ হয়েছে।”
ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও তার দোসররা রয়ে গেছে মন্তব্য করে ওসি আহসান বলেন, “যারা সাধারণ মানুষদের ১৬ বছর ঘর ছাড়া করেছিল, নির্যাতন করছিল... আমার এক ভাই বলছে সে মামলা করতে আগ্রহী। মামলা নিচ্ছে না পুলিশ, আমার সাথে যোগাযোগ করলে সঠিক পরামর্শ দিব। প্রয়োজন হলে কোর্টে আলাপ করব মামলা কীভাবে স্টাবলিশ করা যায়। যাতে সঠিক বিচার পায় তার জন্য আমি চেষ্টা করব।”
তিনি বলেন, “আমাদের কিছু বিএনপির লোক আওয়ামী লীগের সাথে মিশে গেছে। তাদের একটা লিস্ট আমাকে দিতে হবে। অরজিনাল ওয়ার্ড ভিত্তিক লিস্ট আমরা একটা চাই।
“সবকিছু করা ওসির পক্ষে সম্ভব না, কিছু দায়িত্ব আপনাদের দিতে চাই। সে দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হবে। যে লোক সৎ এবং যোগ্য তাকে দিলে বিএনপির সুনাম হবে তাকে দিতে হবে।”
এসময় তিনি আরও বলেন, “আপনাদের এ পর্যায়ে যদি আওয়ামী লীগ থাকত আপনাদের ঠ্যাং-ঠোং ভাইঙ্গা ল্যাংড়া হইয়া যাইত।”