১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তিন খাতের উন্নয়নে সিঙ্গাপুরের সহায়তা চান চট্টগ্রামের মেয়র

সিঙ্গাপুরের কো-অপারেশন প্রোগ্রামের আওতায় চট্টগ্রামের শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন খাতের প্রসারে কীভাবে সহায়তা করা যায় তা বিবেচনা করা হবে বলে জানান হাই কমিশনার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 07:38 PM

Updated : 01 Sep 2026, 09:05 PM

চট্টগ্রামের শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন খাতের উন্নয়নে সিঙ্গাপুরের সহায়তা চেয়েছেন সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। 

রোববার সিটি করপোরেশন কার্যালয়ে মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাই কমিশনার ডেরেক লোহে। 

এ সময় রেজাউল করিম বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নাগরিক সেবার জন্য ৮২টি শিক্ষা প্রতিষ্ঠান, ৫৬টি স্বাস্থ্য কমপ্লেক্স পরিচালনা করছে। এ প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে কারিগরি সহায়তা, প্রশিক্ষণ ও প্রযুক্তি সরবরাহের মাধ্যমে চট্টগ্রামের পাশে দাঁড়াতে পারে সিঙ্গাপুর। 

“এছাড়া নদী-সমুদ্র-পাহাড়বেষ্টিত চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটন সম্ভাবনার বিকাশেও সিঙ্গাপুর বিনিয়োগ করতে পারে।”

সিঙ্গাপুরের হাই কমিশনার ডেরেক লোহে বলেন, বে-টার্মিনালসহ বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে চায় সিঙ্গাপুর। বিশেষ করে বন্দরনগরী চট্টগ্রামের সঙ্গে ভৌগলিক মিল থাকায় চট্টগ্রাম সিঙ্গাপুরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আর্থিকভাবে লাভবান হতে পারে। 

বাংলাদেশ থেকে খাদ্য আমদানির পাশাপাশি বিভিন্ন খাতে সহায়তা করার আগ্রহ প্রকাশও করেন তিনি। 

ডেরেক লোহে বলেন, “বাংলাদেশের ব্যাপারে সিঙ্গাপুরের সফট স্পট রয়েছে। বাংলাদেশের কর্মীরা কঠোর পরিশ্রমী এবং সৎ বিধায় সিঙ্গাপুর বিভিন্ন খাতে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগ দিয়েছে এবং ভবিষ্যতেও দিবে।” 

এছাড়া বিভিন্ন দেশের সঙ্গে সিঙ্গাপুরের কো-অপারেশন প্রোগ্রামের আওতায় চট্টগ্রামের শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন খাতের প্রসারে কীভাবে সহায়তা করা যায় তা বিবেচনা করা হবে বলে জানান হাই কমিশনার।

বৈঠকে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-পরিচালক মিচেল লি, সিঙ্গাপুর হাই কমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স শিলা পিল্লাইসহ একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।