চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য লুৎফুর রহমান
তিনি এ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিনের দায়িত্ব পালন করছেন।
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) নতুন উপাচার্য হচ্ছেন বিশ্ববিদ্যালয়টির এনাটমি ও হিস্টোলজি বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ লুৎফুর রহমান।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে যোগ দেওয়ার দিন থেকে তাকে চার বছরের জন্য এ দায়িত্ব দিয়েছে।
নতুন উপাচার্য বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিনের দায়িত্ব পালন করছেন।
বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ উপ-পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) খলিলুর রহমান অধ্যাপক লুৎফুরের নিয়োগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে থেকেই উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা বিভিন্ন কর্মসূচি পালন করছিল। সবশেষ ৯ অক্টোবর শিক্ষার্থীরা সড়ক অবরোধও করেছিল।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন আগের উপাচার্য এ এস এম লুৎফুল আহসান। বিশ্ববিদ্যালয়ের এনাটমি ও হিস্টোলজি বিভাগের এই অধ্যাপক ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে দায়িত্ব পালন করছিলেন।
২০০১ সালে সিভাসুতে যোগ দেওয়া নবনিযুক্ত উপাচার্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৯ সালে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি অর্জন করেন। তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে এনাটমিতে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। পরে টোকিও ইউনিভার্সিটি অব অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ের ওপর পোস্ট-ডক্টরেট সম্পন্ন করেন।
