২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জমির বিরোধে মারামারি, ৩ বছরের শিশুর মৃত্যু

“মারামারির একপর্যায়ে শিশুটির মাথায় আঘাত লাগে,” বলেন ওসি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2026, 09:45 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

চট্টগ্রামের মিরসরাইয়ে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে মারামারির একপর্যায়ে লাঠির আঘাতে তিন বছরের শিশুর প্রাণ গেছে।

বুধবার মিরসরাইয়ের জোরারগঞ্জের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নুর আবদুল্লাহ নামে শিশু সোনাপাহাড় গ্রামের নুরুল আলমের ছেলে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে।

শিশুটির বাবা নুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দ্বীন ইসলামের পরিবার কিছুদিন আগে ঘর তোলার সময় আমাদের বাড়ির সীমানার ভেতরে বাড়ি তোলে। এ নিয়ে তাদের সঙ্গে বিরোধ হয়। আমরা আদালতে মামলাও করি।

“আদালতের নির্দেশনা মোতাবেক তারা বাড়ি নির্মাণ সাময়িক বন্ধ রাখলেও বুধবার সকালে তারা আবার নির্মাণ কাজ শুরু করে। সেসময় বাড়িতে থাকা আমার মা তাদের বাধা দেয়। তখন দ্বীন ইসলাম ও তার ভাই আরিফুল ইষলাম মাকে মারধর করে।”

নুরুল আলম বলেন, “ওই সময় বাড়িতে আমার তিন বছরের ছেলে খেলছিল। দ্বীন ইসলাম তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে দুপুর ২টার দিকে মারা যায়।”

জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক বলেন, “মারামারির একপর্যায়ে শিশুটির মাথায় আঘাত লাগে। তাকে শুরুতে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানেই মৃত্যু হয়।”