সাময়িক বরখাস্ত সিসিসির এক প্রকৌশলী
চট্টগ্রামের ওই প্রকৌশলীকে বরখাস্তের দাবিতে এক ঘণ্টার সময় বেঁধে দেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা।
বৈষম্যবিরোধী আন্দোলনের দাবির মুখে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিস) এক তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম এ বহিষ্কারাদেশ জারি করেন বলে জনসংযোগ কর্মকর্তা আজিজ আহম্মেদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা বুধবার সিটি করপোরেশনের গিয়ে বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধায়ক ঝুলন কুমার দাশকে বরখাস্তের দাবি করে এক ঘণ্টার সময় বেঁধে দেন। তাদের অভিযোগ, আন্দোলন চলাকালীন গত ৩ থেকে ৫ অগাস্ট রাতে চট্টগ্রাম নগরীতে সড়কবাতি জ্বলেনি। প্রকৌশলী ঝুলনের নির্দেশে এসব সড়কবাতি নিভিয়ে রাখা হয়।
পাশাপাশি আন্দোলনকারীরা ঝুলন দাশের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দুর্নীতির অভিযোগের বিষয়েও তদন্ত দাবি করেন। এর পরিপ্রেক্ষিতে ঝুলন কুমার দাশকে সাময়িক বরখাস্ত করে একটি তদন্ত কমিটি গঠন করে সিসিসি কর্তৃপক্ষ।
কমিটিতে প্রধান করা হয়েছে প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা লতিফুল হক কাজেমী। অপর দুই সদস্য হলেন- আইন কর্মকর্তা জসিম উদ্দিন ও আঞ্চলিক নির্বাহী রেজাউল করিম।
আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে।
