চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার গায়েবানা জানাজা
বিশ্ববিদ্যালয়ের সব মসজিদ, মন্দির, গির্জাসহ ধর্মীয় উপাসনালয়ে খালেদা জিয়ার জন্য প্রার্থনা আয়োজন করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গায়েবানা জানাজা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণের এই জানাজা হয়। এতে ইমামতি করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব আবু দাউদ মোহাম্মদ মামুন।
জানাজায় উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতার বলেন, “আমি বক্তৃতা দেওয়ার পক্ষে না। অনেক ছাত্র যেতে পারেনি, যার কারণে আমরা এই গায়েবানা জানাজার আয়োজন করেছি। সব মানুষ যাকে ভালবাসে, তাকে আল্লাহ নিশ্চই ক্ষমা করবে।”
জানাজার পর চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, “উনি একজন জনপ্রিয় নেত্রী ছিলেন। বাংলাদেশপন্থি, বাংলাদেশকে ধারন করেছিলেন। তিনি ফ্যসিবাদি আমলেও শাহবাগের মবের বিরুদ্ধরে ছিলেন।”
জানাজায় উপ উপাচার্য (অ্যাকাডেমিক) মোহাম্মদ শামীম উদ্দিন খান, রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মমতাজ উদ্দিন আহমেদ ও মেরিন সাইন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের সাবেক ডিন মো. শফিকুল ইসলামও শরিক হন।
গায়েবানা জানাজার পাশাপাশি বুধবার বিশ্ববিদ্যালয়ের সব মসজিদ, মন্দির, গির্জাসহ সব ধর্মীয় উপাসনালয়ে খালেদা জিয়ার জন্য প্রার্থনা আয়োজন করা হয়।
