২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বেড়েছে চলাচল, ছাড়ছে না দূর পাল্লার বাস

টহলের মধ্যেও সকালে কর্ণফুলী থানার ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এই বাসটির যাত্রীরা ছিল পোশাক শ্রমিক। এতে কেউ হতাহত হয়নি।

চট্টগ্রামে বেড়েছে চলাচল, ছাড়ছে না দূর পাল্লার বাস

অবরোধের দ্বিতীয় দিনে চট্টগ্রামের দেওয়ান মোড়ে গণপরিবহন চলাচলের চিত্র।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2023, 02:22 PM

Updated : 01 Nov 2023, 02:22 PM

দেশে চলমান অবরোধের দ্বিতীয় দিনে চট্টগ্রামের অভ্যন্তরীণ রুটে যাত্রী ও বাস চলাচল বেড়েছে। তবে যাত্রীর সংখ্যা তুলনামূলক কম। আর ঘোষণা থাকলেও দূর পাল্লার বাস ছেড়ে যেতে দেখা যায়নি।

বন্দর নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অবরোধের প্রথমদিনের চেয়ে বুধবার বাস চলাচল করছে বেশি। ব্যক্তিগত গাড়িও বেড়েছে। তবে শাহ আমানত সেতু, দামপাড়া, একে খান, অলঙ্কার, কদমতলী এলাকা থেকে দূর পাল্লার বাস চলাচল করছে না।

সীতাকুণ্ডের স্থানীয় সাংবাদিকরা জানান, মহাসড়কে আন্তঃজেলা বাস চলাচল না করলেও অভ্যন্তরীণ গণ পরিবহনগুলো চলাচল করছে। পণ্যবাহী ট্রাক ও কভার্ড ভ্যানও চলছে।

Image

চট্টগ্রামের কদমতলী বাস টার্মিনাল থেকে বুধবারও দূর পাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।

হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির পরিদর্শক শিমুল সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহাসড়কে পণ্যবাহী যানবাহনের পাশাপাশি যাত্রীবাহী গাড়িও চলাচল করছে। তবে গাড়িতে যাত্রী সংখ্যা কম দেখা যাচ্ছে।”

অবরোধের সমর্থনে মহাসড়কে কোথাও ‘পিকেটিং’ বা সেরকম কিছুর খবর পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, “হাইওয়ে পুলিশের পাশাপাশি বিজিবি ও র‌্যাব সদস্যদের টহল অব্যাহত রয়েছে।”

টহলের মধ্যেও সকালে কর্ণফুলী থানার ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এই বাসটির যাত্রীরা ছিল পোশাক শ্রমিক। এতে কেউ হতাহত হয়নি।

Image

চট্টগ্রামের দেওয়ান হাট ব্রিজে বাসের পাশাপাশি ছুটছে ব্যক্তিগত গাড়ি ও অটোরিকশা।

কর্ণফুলী থানার ওসি জহির হোসেন বলেন, “বাসটি শ্রমিক নিয়ে পটিয়ার দিকে যাচ্ছিল। ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় অবরোধকারীরা হামলা চালায়। তারা লাঠি দিয়ে ভাঙচুর শুরু করলে বাসে থাকা যাত্রীরা নেমে পড়ে। তখন তারা আগুন ধরিয়ে দেয়।”

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা, সরকারের পদত্যাগ এবং গ্রেপ্তার দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিএনপি ও জামায়াতের এই অবরোধ চলছে। তিন দিনের এই অবরোধ শেষ হবে বৃহস্পতিবার।