২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের নালায় ডুবে যাওয়া এক শিশুর খোঁজে তল্লাশি

আনুমানিক দুই বছর বয়সী শিশুটি বাসার কাছেই ড্রেনে পড়ে যায়।

চট্টগ্রামের নালায় ডুবে যাওয়া এক শিশুর খোঁজে তল্লাশি

সকালের টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে রোববার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ২৯টি কেন্দ্রের পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2023, 07:31 PM

Updated : 27 Aug 2023, 08:54 PM

চট্টগ্রাম নগরীতে নালায় পড়ে ডুবে যাওয়া দুই বছরের এক শিশুর খোঁজে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস।

রোববার বিকালে হালিশহর রঙ্গীপাড়া কেএম হাশেম টাওয়ারের কাছে একটি বড় নালায় শিশুটি পড়ে যায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিখোঁজ শিশুর নাম ইয়াসিন আরাফাত; আনুমানিক দুই বছর বয়সী শিশুটি বাসার কাছেই ড্রেনে পড়ে যায়।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাস্তার পাশের নালায় শিশুটি পড়ে তলিয়ে যায়। খবর পেয়ে একটি দল গিয়ে তল্লাশি চালাচ্ছে।

চট্টগ্রামে রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর বিভিন্ন এলাকা ও নিম্নাঞ্চল। নালা ও খালগুলো পানিতে ভরে গেছে। এরমধ্যেই এ দুর্ঘটনা ঘটে।

এর আগে অতিবৃষ্টিতে ষোলশহর রেল স্টেশন সংলগ্ন আই ডব্লিউ কলোনিতে পাহাড় ধসে দুইজনের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, হালিশহর এলাকার ওই নালাটি আকারে বড় এবং সেখানে আবর্জনার স্তুপ আছে। সেখানে পড়ে গিয়ে তলিয়ে যায় শিশুটি।

এর আগে ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর আগ্রাবাদ শেখ মুজিব রোডে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় নালায় পড়ে তলিয়ে যান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেহেরীন মাহবুব সাদিয়া।

প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টার পর নালার আবর্জনা সরিয়ে ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছিল ফায়ার সার্ভিস।