২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৮

জোবরা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2025, 05:08 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামে অভিযান চালিয়ে মঙ্গলবার তাদের গ্রেপ্তারের তথ্য দিয়েছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ইমরান হোসেন ওরফে এমরান (৩৫), মো. হাসান (২২), মো. রাসেল ওরফে কালা রাসেল (২৫), মো. আলমগীর (৩৫), নজরুল ইসলাম (৩০), মো. জাহেদ (৩০), মো. আরমান (২৪) ও দিদারুল আলম (৪৬)।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তারদের মধ্যে তিনজনের নাম মামলার এজাহারে রয়েছে। অপর পাঁচজন তদন্তে পাওয়া আসামি।”

মামলার এজাহারে ইমরান ৬১ নম্বর, হাসান ৬৪ নম্বর এবং রাসেল ৮৬ নম্বর আসামি।

বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট সংলগ্ন একটি ভবনের ভাড়াটিয়া এক ছাত্রীর সঙ্গে ভবনের নিরাপত্তারক্ষীর বিতণ্ডার জেরে শনিবার মধ্যরাতে শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের সূত্রপাত হয়। রাতে শুরু হওয়া ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষ পরদিন রোববারও চলে দফায় দফায়।

তাতে শিক্ষার্থী, প্রক্টরিয়াল বডির সদস্য, উপউপাচার্যসহ কয়েকশ আহত হন। সংঘাতের মধ্যে রোববার দুপুর ২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ক্যাম্পাস ও আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়।

সংঘর্ষের ঘটনার দুদিন পর মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবদুর রহিম বাদি হয়ে স্থানীয় যুবলীগ কর্মী মো. হানিফকে প্রধান আসামি করে ৯৫ জনের নামে মামলা করেন। সেখানে ৮০০ থেকে ১ হাজার জনকে নাম ছাড়া আসামি করা হয়।