চট্টগ্রামে বাসচাপায় প্রাণ গেল ট্রাফিক সদস্যের
নিহত নুরুল করিম নগর পুলিশের ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত ছিলেন।
চট্টগ্রামে বাসচাপায় দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছে।
মঙ্গলবার রাতে নগরীর ষোলশহর ২ নম্বর গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ট্রাফিক কনস্টেবল নুরুল করিম নগর পুলিশের ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত ছিলেন।
নগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক-উত্তর) জয়নুল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ষোলশহর ২ নম্বর গেইট এলাকায় বিকালের শিফটে দায়িত্বপালন করছিলেন কনস্টেবল নুরুল করিম।
“রাত ৮টার সময় মুরাদপুরের দিক থেকে আসা ১০ নম্বর রুটের রাব্বি রাফি পরিবহন নামে একটি বাস দ্রুত গতিতে গিয়ে নুরুল করিমকে ধাক্কা দিয়ে চলে যাবার চেষ্টা করে। এ সময় গাড়ির চাপায় নুরুল করিমের কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত থেঁতলে যায়।"
গুরুতর আহত অবস্থায় কনস্টেবল নুরুল করিমকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ট্রাফিক কর্মকর্তা জয়নুল।
এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে। পাঁচলাইশ থানায় বাস চালকের বিরুদ্ধে হত্যা মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
নিহত কনস্টেবল নুরুল করিমের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল গ্রামে। তিনি ৮ ও ১১ বছর বয়সী দুই কন্যা সন্তানের জনক।
