বোনের শ্বশুরবাড়িতে ‘মারধরে’ ভাইয়ের মৃত্যু
নিহত মহিউদ্দিন শুক্রবার সকালেই ১৫ বছর পর দেশে ফিরেছিলেন।
চট্টগ্রামের মিরসরাইয়ে ছোটবোনের শ্বশুরবাড়িতে গিয়ে ‘পারিবারিক কলহের’ জেরে মারধরের শিকার হয়ে ওমান ফেরত এক ব্যক্তি নিহত হয়েছেন।
উপজেলার কাটাছড়া ইউনিয়নের বামনসুন্দর গ্রামে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মোহাম্মদ মহিউদ্দিন (৪৫) মিরসরাইয়ের ইছাখালী ইউনিয়নের নন্দিগ্রামের মৃত ফজলুল হকের ছেলে। শুক্রবার সকালেই ১৫ বছর পর দেশে ফিরেছিলেন তিনি।
জোরারগঞ্জ থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন মহিউদ্দিনের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করা হয়েছে।
ওসি সেলিম বলেন, “মহিউদ্দিনের ছোট বোন সেলিনার স্বামী শরিফ ও শ্বশুরবাড়ির লোকজন মহিউদ্দিনকে তাদের বাড়ি যাবার জন্য মোবাইল ফোনে তাগাদা দিয়েছিল। রাত নয়টার দিকে সেখানে যাওয়ার পর বোনকে মারধর করা হয় শুনে তাকে সঙ্গে নিয়েই মহিউদ্দিন বাড়ি ফিরতে চান। সে সময় শরিফ ও তার সঙ্গীরা মহিউদ্দিনকে মারধর করে।
“গুরুতর আহত অবস্থায় মহিউদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
'পারিবারিক কলহের জেরে' এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ওসি সেলিম।
তিনি বলেন, “লাশ উদ্ধারের পর আমরা অভিযান চালিয়েছি, কিন্তু এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।”
নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
