১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে সম্পত্তির বিরোধে খুন: মা ও দুই ভাই গ্রেপ্তার

ঈদের ছুটিতে রাউজানে গ্রামের বাড়িতে গিয়ে ভাইদের হাতে খুন হন প্রকৌশলী বকুল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2025, 09:57 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

চট্টগ্রামের রাউজানে সম্পত্তির বিরোধে নুরুল আলম বকুল নামে এক ব্যক্তিকে হত্যার মামলায় তার মা ও দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।

হাটহাজারী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

গ্রেপ্তার তিনজন হলেন- নিহত বকুলের মা শহিদা বেগম (৬০), তার দুই ভাই নাজিম উদ্দিন (৩৫) ও মো. দিদারুল আলম (৩৩)। তাদের বাড়ি রাউজানের হলদিয়া ইউনিয়নের এয়াছিন নগর গ্রামে।

র‌্যাব বলছে, হাটহাজারী চৌধুরীহাট এলাকা থেকে নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে বড় দিঘীর পাড় থেকে তার ছোট ভাই দিদারুল আলমকে এবং লালিয়ারহাট এলাকা থেকে তাদের মা শহিদা বেগমকে গ্রেপ্তার করা হয়।

গত ১ এপ্রিল নিজের বাড়িতে ভাইদের হাতে খুন হন নুরুল আলম বকুল। ৪১ বছর বয়সী এ ব্যক্তি পেশায় প্রকৌশলী ছিলেন। পরিবার নিয়ে চট্টগ্রাম নগরীতে থাকলেও ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন।

হত্যাকাণ্ডের পর রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, বকুলের বাড়িতে তাদের কিছু সম্পত্তি নিয়ে কয়েক বছর ধরে ভাইদের মধ্যে বিরোধ চলছিল।

“ঈদের ছুটিতে সব ভাইরা মিলে দুপুরে পারিবারিক বৈঠকে বসেছিলেন। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে বকুলকে তার অপর ভাইরা মারধর ও দা দিয়ে কুপিয়ে জখম করেন।”

আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী ও অপর এক ভাই হত্যাকাণ্ডের জন্য দুই ভাইয়ের সঙ্গে মাকেও দায়ী করে আসছিলেন। বকুলের ছোট ভাই রাজু আহমেদ পরে মা ও দুই ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা করেন।