চট্টগ্রামে ধাওয়া-ভাঙচুর: বিএনপির ৬৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
মামলায় বিএনপির ৬৮ নেতাকর্মী ও অজ্ঞাত ২৫০ জনকে আসামি করা হয়েছে।
চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং স্থানীয় এক কাউন্সিলরের বাড়িতে ভাঙচুরের ঘটনায় বিএনপির ৬৮ নেতাকর্মীর নামে মামলা হয়েছে।
সেচ্ছাসেবক লীগের নগর কমিটির সদস্য শোয়েব চৌধুরী বুধবার এই মামলা করেন বলে বাকলিয়া থানার ওসি আব্দুর রহিম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি নবাব খানকে প্রধান আসামি করে ৬৮ জনের বিরুদ্ধে মারামারি ও কাউন্সিলরের বাড়িতে ভাঙচুরের অভিযোগে মামলা করা হয়েছে।”
মামলায় অজ্ঞাতপরিচয় আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে বলে জানান ওসি।
‘জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে’ সোমবার বিকালে বাকলিয়া ওয়ার্ডের মিয়াখান নগর বাদামতল এলাকায় বিএনপির সমাবেশ চলছিল। সেসময় বাকলিয়ার ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর নূরুল আলম ওরফে মিয়ার নেতৃত্বে একটি মিছিল ওই এলাকায় পৌঁছালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়।
এক পর্যায়ে ঢিল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগের চারজন এবং বিএনপির ১২জন কর্মী আহত হন বলে উভয়পক্ষ থেকে দাবি করা হয়।
কাউন্সিলর নূরুল সেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শোকের মাস উপলক্ষে আমাদের মিছিল ছিল। সেই মিছিল নিয়ে বাদামতল এলাকায় পৌঁছালে বিএনপির সভা থেকে হাজার খানেক লোক পুলিশের সামনেই অতর্কিতে আমাদের ওপর হামলা করে।
“এতে আমাদের চারজন আহত হয়েছে। পরে তারা চর চাক্তাই স্কুলের পাশে আমার বাড়িতে এসে হামলা ও ভাঙচুর করে। এর সিসিটিভি ফুটেজ আছে। বিএনপি ও যুবদলের চিহ্নিত সন্ত্রাসীদের নেতৃত্বে এ হামলা হয়েছে। আমরা মামলা করব।”
চট্টগ্রামে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে ধাওয়া, পাল্টা-ধাওয়াজানতে চাইলে দক্ষিণ বাকলিয়া বিএনপির সভাপতি নবাব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ চলছিল। তখন নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। আমাদের প্রায় হাজারখানেক নেতাকর্মী সমাবেশে ছিল। সেখানে পুলিশ সদস্যরাও ছিলেন।
“এসময় হঠাৎ কাউন্সিলর ৩০-৪০ জন লোক নিয়ে মিছিল করে সেখানে আসে। তারা হামলা করে। এতে আমাদের ১২ জন কর্মী আহত হয়। পুলিশ তাদের বাধা দিয়েছিল। তারা পুলিশের কথাও মানে না। পরে এক পর্যায়ে সমাবেশে থাকা জনতা উত্তেজিত হয় তাদের ধাওয়া দেয়।”
কাউন্সিলরের বাড়িতে হামলার বিষয়ে নবাব খান বলেন, “সমাবেশ স্থল থেকে তার বাড়ি এক কিলোমিটার দূরে। সেখানে আমরা কেউ যাইনি।”
দুই পক্ষ পাল্টাপাল্টি হামলার অভিযোগ করলেও বুধবার দুপুর পর্যন্ত বিএনপির কোনো নেতাকর্মী থানায় অভিযোগ নিয়ে যায়নি বলে জানান ওসি আব্দুর রহিম।
আরও খবর
