চট্টগ্রামে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে ধাওয়া, পাল্টা-ধাওয়া
এ ঘটনায় একে অপরকে দায়ী করেছে ওয়ার্ড পর্যায়ে দল দুটির নেতারা।
চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার বিকালের ওই ঘটনার পর বিএনপির কর্মীরা দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর নূরুল আলম ওরফে মিয়ার বাড়িতে হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। যদিও বিএনপি তা অস্বীকার করেছে।
বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত বাকলিয়ার মিয়াখান নগর বাদামতল এলাকায় বিএনপির কেন্দ্র ঘোষিত ‘জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে’ সমাবেশের সময় নির্ধারিত ছিল।
ওই সমাবেশ চলাকালে কাউন্সিলর নূরুল আলম মিয়ার নেতৃত্বে একটি মিছিল সেখানে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
কাউন্সিলর নূরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শোকের মাস উপলক্ষে আমাদের মিছিল ছিল। সেই মিছিল নিয়ে বাদামতল এলাকায় পৌঁছালে বিএনপির সভা থেকে হাজার খানেক লোক পুলিশের সামনেই অতর্কিতে আমাদের ওপর হামলা করে।
“এতে আমাদের চারজন আহত হয়েছে। পরে তারা চর চাক্তাই স্কুলের পাশে আমার বাড়িতে এসে হামলা ও ভাংচুর করে। এর সিসিটিভি ফুটেজ আছে। বিএনপি ও যুবদলের চিহ্নিত সন্ত্রাসীদের নেতৃত্বে এ হামলা হয়েছে। আমরা মামলা করব।”
জানতে চাইলে দক্ষিণ বাকলিয়া বিএনপির সভাপতি নবাব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ চলছিল। তখন নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। আমাদের প্রায় হাজার খানেক নেতাকর্মী সমাবেশে ছিল। সেখানে পুলিশ সদস্যরাও ছিলেন।
“এসময় হঠাৎ কাউন্সিলর ৩০-৪০ জন লোক নিয়ে মিছিল করে সেখানে আসে। তারা হামলা করে। এতে আমাদের ১২ জন কর্মী আহত হয়। পুলিশ তাদের বাধা দিয়েছিল। তারা পুলিশের কথাও মানে না। পরে এক পর্যায়ে সমাবেশে থাকা জনতা উত্তেজিত হয় তাদের ধাওয়া দেয়।”
তবে কাউন্সিলরের বাড়িতে হামলার বিষয়ে নবাব খান বলেন, “সমাবেশ স্থল থেকে তার বাড়ি এক কিলোমিটার দূরে। সেখানে আমরা কেউ যাইনি।”
বাকলিয়া থানার ওসি আব্দুর রহিম বলেন, “সেখানে বিএনপির পূর্ব নির্ধারিত সভা ছিল। সভা চলাকালে কাউন্সিলরের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি মিছিল আসে।
“তখন উত্তেজনা সৃষ্টি হলে আমরা দুপক্ষকে সরিয়ে দেয়ার চেষ্টা করি। এক পর্যায়ে ধাওয়া ও ইট ছোড়ার ঘটনা ঘটে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। কেউ আহত হয়েছে বলে আমাদের জানা নেই।”
কাউন্সিলরের বাড়িতে হামলার অভিযোগ বিষয়ে তিনি বলেন, “বাড়ির নিচতলায় কাউন্সিলরের অফিসে কিছু চেয়ার এবং দোতলায় জানালার কাঁচ ভেঙেছে বলে অভিযোগ পেয়েছি। সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে।”
