২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘এই লভিনু সঙ্গ তব’

জেলা শিল্পকলা একাডেমিতে শিল্পীদের উপস্থিতিতে রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‘এই লভিনু সঙ্গ তব’

চট্টগ্রাম নগরীর প্রেস ক্লাবে ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের আয়োজনে সঙ্গীতানুষ্ঠান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2022, 10:52 PM

Updated : 27 Aug 2022, 10:52 PM

আমন্ত্রিত চার গুণী শিল্পীর গানে মুগ্ধ হয়েছেন চট্টগ্রামের সংগীতপ্রেমীরা।

‘এই লভিনু সঙ্গ তব’ নামে ওই অনুষ্ঠানে গান পরিবেশন করেন- বুলবুল ইসলাম, লাইসা আহমদ, শারমিন সাথী ইসলাম ও এ টি এম জাহাঙ্গীর।

শনিবার সন্ধ্যায় নগরীর প্রেস ক্লাবে ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের চট্টগ্রাম শাখা অনুষ্ঠানের আয়োজন করে।

এতে কথামালায় অংশ নেন পরিষদের চট্টগ্রামের আহ্বায়ক অধ্যাপক ড. অনুপম সেন, শিল্পী বুলবুল ইসলাম ও সদস্য সচিব শ্রেয়সী রায়।

অতিথিরা বলেন, রবীন্দ্রনাথ প্রেরণার উৎস। বাঙালির প্রেম ও বিরহের কবি রবিঠাকুরের সঙ্গে নিত্য ওঠাবসা সবার। বাঙালি সাংস্কৃতিক জাগরণে রবীন্দ্র চর্চার বিকল্প নেই। যুগে যুগে নানা আন্দোলন-সংগ্রামে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশের মতো কবিরা প্রেরণা জুগিয়েছেন।

এর আগে সকালে জেলা শিল্পকলা একাডেমিতে শিল্পীদের উপস্থিতিতে রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক অনুপম সেন বলেন, রবীন্দ্রনাথ বাঙালির শ্রেষ্ঠ অর্জন। তাদের মতো সাহিত্যিকদের কারণে প্রতিটি জাতি তাদের পরিচয় তুলে ধরতে পারেন।

“শেক্সপিয়য়ের কারণে ইংরেজরা নিজেদের অনন্য মর্যাদায় নিয়ে গেছেন। এভাবেই রবীন্দ্রনাথ বাঙালির অনন্য সম্পদ হিসেবে থাকবেন।”

এতে কিশোর বিভাগে ১১ থেকে ১৬ বছর এবং সাধারণ বিভাগে ১৬ থেকে তদূর্ধ্ব শিল্পীরা অংশ নেন।