২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কখনও কল্পনাও করিনি বেঁচে ফিরব’

ঝড়ে ট্রলার ডোবার পর বাঁশ ধরে একদিন ভেসে ছিলেন ১২ জেলে।

উত্তম সেন গুপ্ত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2025, 05:20 PM

Updated : 10 Sep 2026, 12:28 PM

“কল্পনাও করিনি আমরা বেঁচে ফিরব, ধরেই নিয়ে ছিলাম মরে গেছি। আমরা তো নতুন জীবন ফিরে পেয়ে দেশে আসছি।”

সাগরে ঝড়ের কবলে পড়ে বেঁচে যাওয়ার অভিজ্ঞতার কথা বলছিলেন জেলে ইব্রাহীম। মাঝে মাস তিনেক ভারতে কারাবন্দি জীবন কেটেছে তার।

মাঝ সেপ্টেম্বরে কুয়াকাটার অদূরে ঝড়ের কবলে পড়ে ১৩ জেলেসহ পানিতে ডুবে যায় এফভি কৌশিক নামের একটি ট্রলার। একদিন বাদে তাদের ১২ জনকে ভাসমান অবস্থায় ভারতীয় জলসীমা থেকে উদ্ধার করে দেশটির জেলেরা।

ইব্রাহীম বলছিলেন, “আমরা যখন বাঁশ ধরে ভেসে ছিলাম, আমাদের মাঝে কয়েকজন বেঁচে থাকার আশা হারিয়ে বাঁশ ছেড়ে দিয়েছিল। কিন্তু আমরা অন্যদের বলেছি- ‘বাঁচতে হলে সবাই বাঁচব, না হয় সবাই মরব’।” 

দেশে ফিরে মঙ্গলবার চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ড ঘাটে ইব্রাহীমরা নিজেদের প্রাণে বেঁচে যাওয়ার গল্পই শোনাচ্ছিলেন।

জেলে ইব্রাহীম

জেলে ইব্রাহীম

আন্তর্জাতিক সমুদ্রসীমায় মাছ ধরতে গিয়ে এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২ নামের দুটি ট্রলারসহ ৭৮ জন নাবিক আটক হন ভারতীয় কোস্ট গার্ডের হাতে। তাদের সঙ্গেই দেশে ফিরেছেন ঝড়ে ট্রলার ডুবির পর ভারতে উদ্ধার হওয়া ১২ জেলে।

ঝড়ের কবলে পড়ে ডোবা ‘এফভি কৌশিকের’ মাস্টার শরীফ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছরের ৯ সেপ্টেম্বর পটুয়াখালীর মহীপুর থেকে ১২ জেলেসহ সাগরে মাছ ধরতে যান। ১১ সেপ্টেম্বর রাত ১০টার দিকে কুয়াকাটার দক্ষিণ-পশ্চিম দিকে তাদের ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। 

ট্রলার উল্টে এক সহকর্মী নিখোঁজ হলেও তারা ১২ জন একটি বাঁশের সাথে ফ্লোটিং বল বেঁধে রেখে ভাসতে থাকেন। এক দিন পানিতে ভাসতে থাকার পর ভারতের কাকদ্বীপ এলাকায় ভারতীয় জেলেরা তাদের উদ্ধার করে। 

মাস্টার শরীফ মিয়া

মাস্টার শরীফ মিয়া

দুই বছর বয়সী এক কন্যার বাবা ইব্রাহীম বলেন, ভারতীয় কারাগারে থাকা অবস্থায় কোনো সমস্যা না হলেও মনটা পড়েছিল বাড়িতে। 

“কখন পরিবারের কাছে ফিরে আসতে পারব!”

ট্রলারের আরেক জেলে মানিক সিকদারের ভাষ্য, ১২ সেপ্টেম্বর বিকালে ভারতীয় জেলেরা তাদের উদ্ধার করে খবর দিয়েছিল বাংলাদেশ কোস্ট গার্ডকে। কিন্তু তখন সাগর বেশ উত্তাল থাকায় কোস্ট গার্ড সেখানে পৌঁছাতে পারেনি।

মানিক জানান, ভারতীয় জেলেরা প্রায় ৮ ঘণ্টা ট্রলার চালিয়ে ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার এলাকায় সাগর তীরে ওঠেন। ভারতীয় জেলেরা স্থানীয় পাথর প্রতিমা থানায় বিষয়টি জানিয়ে জেলেদের সেখানে নিয়ে যান। পরদিন তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

কারাগারে থাকা অবস্থায় অন্য বন্দি ও কারা কর্তৃপক্ষের সহানুভূতি পাওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা কীভাবে বেঁচে ফিরেছি, সেটা জেলারকে বলেছি। এক জজ কারাগারে ভিজিটে গিয়েছিলেন, কারাগার থেকে আমাদের বিষয়টি তাকে জানানোর পর তিনি আমাদের সাথে কথা বলেছিলেন। 

“১৩ ডিসেম্বর বাংলাদেশ হাই কমিশনের লোক গিয়ে কারাগারে আমাদের সাথে কথা বলেন। তিনি আমাদেরকে পরিবারের সাথে কথা বলিয়ে দেয়। প্রায় তিন মাস পর এটাই ছিল পরিবারের সাথে আমাদের প্রথম কথা।” 

জেলে মানিক সিকদার

জেলে মানিক সিকদার

জেলেরা জানান, তিন মাস কারাবন্দি থাকার পর ২৪ ডিসেম্বর তারা মুক্তি পান। ৪ জানুয়ারি পর্যন্ত তাদের কোয়ারেন্টিনে রাখা হয়। পরদিন বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে তাদের হস্তান্তর করা হয়। 

জলসীমা লঙ্ঘনে আটকা এফভি লায়লা-২ ও মেঘনা-৫

দুই ট্রলারে থাকা নাবিক ও জেলেরা জানান, গত বছরের ২৪ নভেম্বর কর্ণফুলী নদীর এস আলম জেটি থেকে ‘এফভি মেঘনা-৫’ এবং ২৭ নভেম্বর বিএফডিসি ঘাট থেকে ‘এফভি লায়লা-২’ সাগরে মাছ ধরার উদ্দেশে রওনা হয়। ৯ ডিসেম্বর খুলনার সুন্দরবনের হিরণ পয়েন্ট এলাকা থেকে জলসীমা লঙ্ঘনের অভিযোগে ভারতীয় কোস্ট গার্ড ট্রলার দুইটি আটক করে।  

মেঘনা-৫ ট্রলারে ৩৭ জন এবং লায়লা-২ ট্রলারে ৪১ জন নাবিক ছিলেন বলে তারা জানিয়েছে।

মেঘনা-৫ ট্রলারের নাবিক গিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৯ ডিসেম্বর সকাল ৭টার দিকে ভারতীয় কোস্ট গার্ড আমাদের ট্রলার দুটি আটক করে। তারা প্রথমে লায়লা-২ জাহাজে কাগজপত্র ও ট্রলার তল্লাশি করে। 

“পরে আমাদের কাগজপত্র তল্লাশি করে আমাদের নিয়ে যায়। কয়েক ঘণ্টা পর আমাদের আবার হিরণ পয়েন্টে নিয়ে আসে। রাত ৯টার দিকে ট্রলারটি পুনরায় ভারতে নিয়ে উড়িষ্যার প্যারাদ্বীপ বন্দরে আটকে রাখে।”  

নাবিক গিয়াস উদ্দিন

নাবিক গিয়াস উদ্দিন

গিয়াস বলেন, “জাহাজ আটকের পর আমাদের নিয়ে যাওয়া হয় প্যারাদ্বীপ মডেল থানায়। সেখানে পুলিশ কিছু কাজ করে আমাদেরকে আবার কোস্ট গার্ডের কাছে ফিরিয়ে দেয়।” 

নিজেদের কাছে থাকা মোবাইল ফোন ভারতীয় কোস্ট গার্ড নিয়ে নেয় জানিয়ে এই নাবিক বলেন, “তারা আমাদের সাথে কোন খারাপ আচরণ করেনি। আমরা আমাদের ট্রলারেই ছিলাম। আমাদের সুবিধা-অসুবিধার কথা জেনে নিত। আমাদের গত ১২ ডিসেম্বর চট্টগ্রামে ফিরে আসার কথা ছিল। 

“খাওয়ার শেষ হয়ে যাওয়ায় তারা আমাদের ট্রলারে খাবারও দিয়েছে। কারো কোনো ওষুধ লাগলে সেটাও তারা দিত। কিন্তু ২৬ দিন পরিবারের সাথে যোগাযোগ করতে না পারায় সেটাই ছিল আমাদের কষ্ট।”

তিন সন্তানের জনক গিয়াস বলেন, “আমার তিন সন্তান পড়াশোনা করে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমি।

“ তারা কোনো সমস্যা না করলেও মনের মধ্যে একটা ভয় ছিল- কখন ফিরতে পারব পরিবারের কাছে!” 

লায়লা-২ ট্রলারের নাবিক আবুল কালাম বলেন, গত ৯ ডিসেম্বর তাদের ট্রলারটি ভারতীয় কোস্ট গার্ড আটক করে কাগজপত্র এবং নানা রকম যন্ত্রপাতি নিয়ে জাহাজের ফিশ হোল (মাছ রাখার স্থান) তল্লাশি করে। দুই ঘণ্টা পর ছেড়ে দেয়।

“আমরা আমাদের জলসীমায় এসে পুনরায় জাল ফেলি। কিন্তু ভারতীয় কোস্ট গার্ড থেকে ক্যাপ্টেনকে জানানো হয়, তাদের একজনের একটি আইফোন ট্রলারে ফেলে গিয়েছে। তাই যেন পুনরায় সেখানে যায়। এরপর আমাদের ট্রলারটি আটকে রাখে।” 

এফভি লায়লা-২ এর ক্যাপ্টেন রাজীব চন্দ্র শীলের ভাষ্যে, “তাদের একটি আইফোন ট্রলারে ফেলে গেছে বলে আমাদের পুনরায় সেখানে যেতে বলে। পুনরায় যাবার পর সেখানে তারা আমাদের ট্রলার আটকে ফেলে।” 

ক্যাপ্টেন রাজীব চন্দ্র শীল

ক্যাপ্টেন রাজীব চন্দ্র শীল

ফোন ফেলে যাওয়ার বিষয়টি ভারতীয় কোস্ট গার্ডের কৌশল ছিল দাবি করে ক্যাপ্টেন রাজীব বলেন, “আমরা যাওয়ার পর আমাদের বলা হয়, তাদের ৯৫ জন জেলে বাংলাদেশে আটক আছে। তাই ঊর্ধ্বতনদের আদেশে আমাদের ফিরিয়ে নেওয়া হয়।

“তারা আমাদের বলেছে, আমাদের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই। ছয়টা বোটসহ তাদের ৯৫ জন জেলে বাংলাদেশে আটকা আছে। সেজন্য আমাদের তারা নিয়ে রেখেছে।” 

ভারতীয় কোস্ট গার্ডের অধীনে থাকা অবস্থায় সবার মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় জানিয়ে তিনি বলেন, “এর মধ্যে আমাকে মালিক পক্ষের সাথে দুইবার যোগাযোগ করতে দিয়েছিল।”

কোস্ট গার্ডের তরফে জানানো হয়েছে, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে কোস্ট গার্ড দুটি এবং নৌবাহিনী চারটি ট্রলারসহ ৯৫ জন ভারতীয় জেলেকে আটক করেছিল। 

গত ৫ জানুয়ারি বিকালে আন্তর্জাতিক সমুদ্রসীমায় ছয়টি ট্রলারসহ বাংলাদেশে আটক ৯৫ জেলেকে ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি দুটি ট্রলারসহ বাংলাদেশি ৯০ জেলেকে তারা বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে।

আরও পড়ুন

স্বজনদের কাছে ফিরলেন ভারতে আটক জেলে ও নাবিকরা