২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৩ ফেব্রুয়ারি ‘বঙ্গবন্ধু দিবস’ পালনের দাবি

“বঙ্গবন্ধুর চরিত্রের বিশেষত্ব হচ্ছে তার আপসহীন লড়াকু নেতৃত্ব এবং সুবিশাল হৃদয়,” বলেন নূরে আলম সিদ্দিকী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2023, 12:47 AM

Updated : 24 Feb 2023, 12:47 AM

জাতির পিতার শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু উপাধি পাওয়ার দিনটিকে ‘বঙ্গবন্ধু দিবস’ হিসেবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে চট্টগ্রামে এক অনুষ্ঠান থেকে।

বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে মুক্তিযুদ্ধের প্রজন্ম-বৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে ‘শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা বেদারুল আলম চৌধুরী বেদার বলেন, “সুচিন্তিত গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় মানুষের মুক্তির অনিবার্যতায় '৭১ এ সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি জাতির স্বাধীনতা অর্জন ও দেশ সৃষ্টির অনবদ্য নজির স্থাপন করে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব।

“ছোট দেশের নেতা হয়েও তিনি সমকালীন বিশ্বে অদ্বিতীয় জাতীয়তাবাদী নেতার আসনে অধিষ্ঠিত হন। বিশ্বব্যাপী বঙ্গবন্ধু নাম আজ সার্বজনীন ও আদর্শিকভাবে সমাদৃত। তার মতো সাহসী দূরদর্শী ত্যাগী নেতার প্রদর্শিত পথেই বাঙালি ও বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁডিয়েছে। ঐতিহাসিক এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে ‘বঙ্গবন্ধু দিবস’ হিসেবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।”

আয়োজক সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকী বলেন, “পৃথিবীর ইতিহাসে অনেক নেতাই উপাধি পেয়েছেন কিন্তু ফাঁসির মঞ্চ থেকে মুক্ত হয়ে জনসমুদ্রে গণমানুষের ভালোবাসায় কেউ সরাসরি উপাধিতে ভূষিত হননি। বঙ্গবন্ধুর চরিত্রের বিশেষত্ব হচ্ছে তার আপসহীন লড়াকু নেতৃত্ব এবং সুবিশাল হৃদয়। তাই ‘বঙ্গবন্ধু’ উপাধির পর তা শেখ মুজিব নামের মূল অংশ হয়ে গেছে।”

১৯৬৯ এর ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়।

মুক্তিযুদ্ধের প্রজন্ম-বৃহত্তর চট্টগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়ার সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে আলোচনা করেন সহ সভাপতি আবদুল মালেক খান, মোহাম্মদ কামাল উদ্দিন, রঞ্জন দাশগুপ্ত, ডা. ফজলুল হক সিদ্দিকী, মোহাম্মদ আবুল কাশেম, নবী হোসেন সালাহউদ্দিন, সোহেল ইকবাল, মোরশেদ আহমেদ, রাজীব চন্দ, ইয়াকুব মুন্না, ফারজানা আকতার মিলা, সৈকত দাশ, কোহিনুর আকতার।