Published : 07 Mar 2026, 10:54 PM
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে ধরে পুলিশে দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার বিকালে দ্রুতযান পরিবহনের একটি বাসে ক্যাম্পাসে ফেরার পথে এ ঘটনা ঘটে বলে ওই ছাত্রীর অভিযোগ।
অভিযোগ তোলা ছাত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে পড়েন।
তার ভাষ্য, বাসটি চৌধুরীরহাট এলাকায় পৌঁছালে পেছনের আসনে বসা এক ব্যক্তির হাতে যৌন নিপীড়নের শিকার হন তিনি। পরে তিনি ওই ব্যক্তিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পুলিশ বক্সের সদস্যদের হাতে তুলে দেন।
আটক ব্যক্তি পেশায় একজন রাজমিস্ত্রি। তার বাড়ি কুমিল্লার মুরাদনগরে। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা ফতেহাবাদে বসবাস করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগ স্বীকার করেছেন বলে সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন জানিয়েছেন।
তিনি বলেন, “এখানে আনার পর তিনি দোষ স্বীকার করেন। তিনি মেয়ে শিক্ষার্থীর হাত-পা ধরে মাফ চেয়েছেন। আমরা তাকে পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করেছি।”