চট্টগ্রাম-৫ আসনে ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলার মনোনয়নপত্র দাখিল
এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মীর হেলাল।
চট্টগ্রাম-৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য প্রয়াত সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলা ফারজানা।
সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়ে শাকিলা বলেছেন, অধিকার আদায়ের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।
হাটহাজারী, নগরীর ১ ও ২ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে বিএনপির মনোনয়ন পেতে এলাকায় সরব ছিলেন দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, উপ কোষাধ্যক্ষ এস এম ফজলুল হক ও সাবেক হুইপ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলা ফারজানা।
হাটহাজারী উপজেলায় তিনজনেরই নিজস্ব বলয় রয়েছে। বিভিন্ন এলাকায় পাল্টাপাল্টি কমিটিও আছে। তবে বিএনপি মীর হেলালের ওপর আস্থা রেখে তাকে মনোনয়ন দিয়েছে।
তবে শাকিলা ফারজানা ও এসএম ফজলুল হকও মনোনয়পত্র সংগ্রহ করেছেন।
হাটহাজারীর সাবেক এমপি ওয়াহিদুলের মেয়ে শাকিলা সুপ্রিম কোর্টের আইনজীবী। ‘হামজা ব্রিগেড’ নামে একটি জঙ্গি সংগঠনকে অর্থায়নের অভিযোগে ২০১৫ সালে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
মনোনয়ন নিয়ে দলীয় সিদ্ধান্তের প্রতি নিজের কোনো ক্ষোভ না থাকার কথা জানিয়ে শাকিলা বলেন, “দলে অনেক প্রার্থী থাকতে পারে। সে ক্ষেত্রে দল যাকে চিন্তা করেছে তাকে মনোনয়ন দিয়েছে। অধিকার কেউ কাউকে দেয় না। আদায় করে নিতে হয়। আমার সেই অধিকার আদায়ের জন্য আমি স্বতন্ত্র প্রার্থী।”
তিনি বলেন, “এ মাঠটা ধানের শীষের পক্ষে আমার বাবা প্রয়াত ওয়াহিদুল আলমের তৈরি করা। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত এ আসনে ধানের শীষে নির্বাচন করেছিলেন। আমি ওনার উত্তরসূরী ও জাতীয়তাবাদী দলের কর্মী হয়ে এখানে কাজ করতে গিয়ে ১০ মাস কারাগারে ছিলাম। ছয় বছর দেশের বাইরে ছিলাম রাজনৈতিক আশ্রয়ে।
“সেখানে দল আমাকে যখন মনোনয়ন দেয়নি, আমি চিন্তা করেছি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করা উচিত। তফসিল নির্ধারিত সময়ের প্রেক্ষিতে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছি। পরে দলের সিদ্ধান্ত অনুযায়ী কী করা যায় সেটা দেখা যাবে।”
এদিকে এ আসনে এসএম ফজলুল হকের পক্ষেও মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
তার ব্যক্তিগত সহকারী আহসান হাবীব মাসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফজলুল হকের পক্ষে হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
