১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইউসিবির অর্থ ‘আত্মসাৎ’: সাবেক মন্ত্রী জাবেদের ভাই-বোন ও ব্যাংক পরিচালকদের বিরুদ্ধে দুদকের ৮ মামলা

বিভিন্ন মানুষের তথ্য দিয়ে ব্যাংকে ভুয়া হিসাব খুলে ঋণ নিয়ে এসব টাকা আত্মসাৎ করা হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2025, 03:30 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

অন্য পেশার মানুষকে ব্যবসায়ী সাজিয়ে ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের স্ত্রী, ভাইসহ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে আটটি মামলা করেছে দুদক। 

সোমবার দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়-১ এ এসব মামলা করা হয়েছে বলে জানান সংস্থাটির উপ-পরিচালক সুবেল আহমেদ। 

গ্রামীণ শ্রমিক, অটোচালক ও একজন স্থানীয় খেলোয়াড়কে ব্যবসায়ী সাজিয়ে এবং তাদের এনআইডিসহ ব্যক্তিগত তথ্য ব্যবহার করে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পরিবারের মালিকানাধীন ইউসিবিএল থেকে ৫৬ কোটি ১৫ লাখ টাকা ঋণ অনুমোদন করে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে এসব মামলায়।

আট মামলার প্রত্যেকটিতে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ছোট ভাই ও  ব্যাংক পরিচালক আনিসুজ্জামান চৌধুরী রনিকে, সাতটিতে  আসিফুজ্জামান চৌধুরী, তিনটিতে বোন রোকসানা জামান চৌধুরী এবং ব্যাংকের সাবেক পরিচালক বশির আহমেদকে সাতটিতে আসামি করা হয়েছে। 

পাশাপাশি ইউসিবির বিভিন্ন শাখার কর্মকর্তাদের আসামি করা হয়েছে। 

মামলাগুলোতে অভিযোগ করা হয়, ভুয়া হিসাবের মাধ্যমে বিভিন্ন জনের নামে ঋণ নিয়ে তা আত্মসাৎ করা হয়। অনুমোদন করা ঋণগুলো বশির আহমেদের ‘নামীয় ও বেনামীয়’ প্রতিষ্ঠানের কর্মচারীদের মাধ্যমে উত্তোলন করা হয়।

আটটি মামলায় মোট ৫৬ কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়।