২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্রসহ ‘কারিগর’ গ্রেপ্তার

দেশে তৈরি আটটি ওয়ান শুটার গান ও দুটি টু-টু বোরের পিস্তল ও অস্ত্র তৈরির সরঞ্জামও উদ্ধার করে র‌্যাব।

চট্টগ্রামে অস্ত্রসহ ‘কারিগর’ গ্রেপ্তার

উদ্ধার করা অস্ত্র

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2022, 10:27 PM

Updated : 31 Aug 2022, 10:27 PM

চট্টগ্রামের বাঁশখালীতে অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন; তিনি পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরি ও বিক্রি করতেন বলে র‌্যাবের ভাষ্য।

বাঁশখালী উপজেলার দুর্গম জঙ্গল চাম্বল এলাকায় মঙ্গলবার দেশীয়ভাবে অস্ত্র তৈরির এ কারখানার সন্ধান পাওয়া যায়। পরে ওই ব্যক্তিকে আটক করা হয় বলে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এম এ ইউসুফ জানান।

গ্রেপ্তার ব্যক্তির নাম জাকের উল্লাহ (৫০)। এ সময় দেশে তৈরি আটটি ওয়ান শ্যুটার গান ও দুটি টু-টু বোরের পিস্তল ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব অধিনায়ক বলেন, কয়েক মাস আগে কক্সবাজারের পেকুয়া এলাকায় অস্ত্র কারখানার সন্ধান পাওয়ার সময় তারা বাঁশখালীর সংবাদও পান।

“এ তথ্যের ভিত্তিতে ওই এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার জঙ্গল চাম্বলের একটি পাহাড়ে তৈরি করা কারখানায় অভিযান চালিয়ে ‘কারিগরকে’ গ্রেপ্তার করা হয়। এ সময় কারখানা থেকে আটটি ওয়ান শুটার গান ও দুটি টু-টু বোরের পিস্তল ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।”

র‌্যাব অধিনায়ক আরও বলেন, বিভিন্ন ওয়ার্কশপ থেকে অস্ত্র তৈরির পাইপসহ এসব সরঞ্জাম সংগ্রহ করা হতো। বিদেশি বিভিন্ন অস্ত্রের সঙ্গে মিল রেখে জাকের (কারিগর) অস্ত্রগুলো তৈরি করতেন। যেগুলো তৈরিতে ৫/৭ দিন সময় লাগত।

কারখানায় তিনটি পক্ষ কাজ করে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

তিনি বলেন, “একটি পক্ষ অস্ত্র তৈরির সঙ্গে সরাসরি জড়িত। একটি পক্ষ অর্ডার সরবরাহ করে এবং অপর পক্ষটি অস্ত্রের ক্রেতা খুঁজে আনেন।

“প্রতিটি অস্ত্র তৈরিতে দেড় থেকে দুই হাজার টাকা খরচ পড়ে। যেগুলো জাকের দ্বিতীয় পক্ষের কাছে বিক্রি করে ৭-১০ হাজার টাকায়। আর দালালরা ক্রেতাদের কাছে প্রকারভদে ১৫ থেকে ২০ হাজার টাকায় বিক্রি করেন।”

এসব অস্ত্র মূলত মাদক কারবারি, জলদস্যু ও মহাসড়কে ডাকাতির কাজে ব্যবহৃত হয় বলে র‌্যাবের ভাষ্য।

জাকেরের সঙ্গে সম্পৃক্ত আরও কয়েক জনকে গ্রেপ্তার করা হলে মূল ক্রেতাদের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়ার কথা জানান অধিনায়ক ইউসুফ।

তিনি বলেন, জাকের পাহাড়ে বসবাস করে অস্ত্র তৈরি করলেও মূলত সে স্থানীয় লোকজন ও আইন শৃঙ্খলাবাহিনীর চোখে ফাঁকি দিতে কৃষি কাজ করতেন।