১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘অনিয়ন্ত্রিত জীবনযাপনের’ অভিযোগ, চট্টগ্রামে বৈষম্যবিরোধী নেত্রীকে অব্যাহতি

লিজাকে অব্যাহতির বিজ্ঞপ্তিতে বলা হয়, তার ‘অনিয়ন্ত্রিত ও অসামাজিক কার্যকলাপ’ জনমনে প্রশ্ন তৈরি করেছে।

‘অনিয়ন্ত্রিত জীবনযাপনের’ অভিযোগ, চট্টগ্রামে বৈষম্যবিরোধী নেত্রীকে অব্যাহতি
ফাতেমা খানম লিজা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2025, 10:33 PM

Updated : 10 Sep 2026, 12:42 PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের মুখপাত্র ফাতেমা খানম লিজার বিরুদ্ধে ‘মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের’ অভিযোগ ওঠার পর তাকে সংগঠনটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈনউদ্দীন ও সদস্য সচিব নিজাম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেওয়ার কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ফাতেমা খানম লিজার মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি/ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। জুলাই গণঅভ্যুত্থানের প্রায় ১৪০০ শহীদ ও অর্ধলক্ষ আহতদের ওপর দাঁড়ানো এ প্ল্যাটফর্মের এমন অনিয়ন্ত্রিত ও অসামাজিক কার্যকলাপ জনমনে প্রশ্ন তৈরি করেছে। সে কারণে ফাতেমা খানম লিজাকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অসামাজিক কার্যকলাপ সামাজিক মূল্যবোধের পরিপন্থি। সে কারণে উনাকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

অভিযোগের বিষয়ে চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী লিজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার বিরুদ্ধে মাদক সেবনের যে অভিযোগ এনেছে সেটি দুই ঘণ্টার মধ্যে প্রমাণ করতে না পারলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। অনিয়ন্ত্রিত জীবনের বিষয়টি বেইজলেস।”