এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিং দিনে বেড়েছে ২২৫টি: প্রধান উপদেষ্টার দপ্তর
ড্রাইডক লিমিটেড দায়িত্ব নেওয়ার পর এনসিটিতে কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম আরও ‘মসৃণ’ হয়েছে, বলেন বন্দর সচিব।
নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান ড্রাইডক দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালে (এনসিটি) প্রতিদিন গড়ে কন্টেইনার হ্যান্ডলিং বাড়ার তথ্য দিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।
চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের পরিচালনায় প্রথম সাত দিনে (৭ জুলাই থেকে ১৩ জুলাই) কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতির কথা বলা হয়েছে প্রধান উপদেষ্টার ফেইসবুক পেইজে দেওয়া এক পোস্টে।
তাতে বলা হয়, “প্রতিদিন গড়ে ২২৫ টিইইউএস (প্রতিটি ২০ ফুট দৈর্ঘ্যের হিসেবে) কন্টেইনার হ্যান্ডলিং বেশি হয়েছে, যা ইতিবাচক প্রবৃদ্ধি নির্দেশ করে।”
আগের সাতদিনে (১ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত) সাইফ পাওয়ারটেক লিমিটেড প্রতিদিন গড়ে ২ হাজার ৯৫৬ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং করেছে।
পরবর্তী সাত দিনে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড প্রতিদিন গড়ে ৩ হাজার ১৮১ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে।
চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড দায়িত্ব নেওয়ার পর এনসিটিতে কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম আরও ‘মসৃণ’ হয়েছে। সব সুষ্ঠুভাবে চলছে এবং নতুন প্রতিষ্ঠান হিসেবে তারা এনসিটি ‘ভালোভাবে’ পরিচালনা করছে।
বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল দীর্ঘদিন ধরে সাইফ পাওয়ারটেক লিমিটেড পরিচালনা করে আসছিল। ৬ জুলাই প্রতিষ্ঠানটির সঙ্গে বন্দরের চুক্তির মেয়াদ শেষ হয়।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ৭ জুলাই থেকে টার্মিনালটির দায়িত্ব গ্রহণ করে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড।
১৩ জুলাই পর্যন্ত সাত দিনে ড্রাইডক লিমিটেড ১০টি জাহাজের কন্টেইনার ওঠানো-নামানোর কাজ শেষ করেছে।
প্রধান উপদেষ্টার ফেইসবুকে বলা হয়েছে, বর্তমানে এনসিটির চারটি জেটিতে একযোগে চারটি জাহাজের পণ্য হ্যান্ডলিংয়ের কাজ চলছে।
এ ধরনের পরিস্থিতিতে নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান ড্রাইডকের পরিচালনায় এনসিটিতে কন্টেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ আরও বাড়বে বলে আশা করছেন বন্দর সচিব।
