১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে ঘর পাচ্ছে আরও ২৩৪ ভূমিহীন ও গৃহহীন পরিবার

এ পর্যায়ে মঙ্গলবার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ১৫৫টি, সীতাকুণ্ডে ৪৫টি এবং মীরসরাই উপজেলায় ৩৪টি পরিবারকে ঘর হস্তান্তর করা হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 12:30 PM

Updated : 10 Sep 2026, 12:08 PM

পঞ্চম পর্যায়ে আরও ২৩৪ ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পাচ্ছে চট্টগ্রামে। 

মাননীয় প্রধানমন্ত্রী মঙ্গলবার এসব ঘর হস্তান্তর করবেন বলে সোমবার চট্টগ্রাম জেলা প্রমাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

পঞ্চম পর্যায়ে মঙ্গলবার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ১৫৫টি, সীতাকুণ্ডে ৪৫টি এবং মীরসরাই উপজেলায় ৩৪টি পরিবারকে ঘর হস্তান্তর করা হবে। 

এছাড়া জরাজীর্ণ ব্যারাক প্রতিস্থাপন করে একক গৃহ নির্মাণে ১৬টি পরিবারকে ঘর হস্তান্তর করা হবে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোপূর্বে চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলার মধ্যে পটিয়া, কর্ণফুলী, সাতকানিয়া, লোহাগাড়া, রাউজান, বোয়ালখালী, আনোয়ারা, ফটিকছড়ি, হাটহাজারী, রাঙ্গুনিয়া, বাঁশখালী, মীরসরাই এই ১২টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। 

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড, চন্দনাইশ ও সন্দ্বীপ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করার জন্য আশ্রয়ণ-২ প্রকল্প কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, “ছিন্নমূল মানুষদের পুনর্বাসনের মাধ্যমে অন্তর্ভূক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেল তথা আশ্রয়ণ-২ প্রকল্প বাস্তবায়নে চট্টগ্রাম জেলা প্রশাসন বদ্ধপরিকর।”

‘মুজিব শতবর্ষে একজন লোকও গৃহহীন থাকবে না’- মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধায়নে আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদানের কার্যক্রম গ্রহণ করা হয়।

তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলায় প্রথম পর্যায়ে ১৪৪৪টি, দ্বিতীয় পর্যায়ে ৬৪৯টি তৃতীয় পর্যায়ে ১৯৬২টি, চতুর্থ পর্যায়ে ১২২৩টি ঘরের বরাদ্দ দেওয়া হয় এবং ১২২৩টি পরিবারকে পুনর্বাসন করা হয়। 

পঞ্চম পর্যায়ে এ পর্যন্ত ৩৮৮ ঘরের বরাদ্দ দেওয়া হয়েছে। তার মধ্যে গত বছরের ১৪ নভেম্বর ৮১টি পরিবারকে ঘর হস্তান্তরের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 

এছাড়া সন্দ্বীপ উপজেলায় নির্মাণাধীন চারটি আশ্রয়ণ প্রকল্পের মধ্যে তিনটি আশ্রয়ণ প্রকল্প হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী। অবশিষ্ট একটি আশ্রয়ণ প্রকল্পের হস্তান্তর প্রক্রিয়াধীন। এই চার প্রকল্পে মোট ৯২৩টি পরিবারকে পুনর্বাসন করা হবে। 

পাশাপাশি মীরসরাই উপজেলার জন্য নতুনভাবে ৭৩টি ঘরের বরাদ্দ পাওয়া গেছে। যার নির্মাণ কাজ সমাপ্তির পর্যায়ে আছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।