ছেলের ‘ছুরিকাঘাতে’ প্রাণ গেল বাবার
মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে পুলিশ জানায়।
চট্টগ্রামের সীতাকুণ্ডে ছেলের ছুরিকাঘাতে মোহাম্মদ বেলাল নামের এক ব্যক্তির মৃত্যুর কথা জানিয়েছে পুলিম।
মঙ্গলবার বেলা ১২টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের হাসনাবাদ গ্রামের বাবর কলোনিতে এ ঘটনা ঘটে।
৫৭ বছর বয়সী বেলালের বাড়ি নোয়াখালীর সুধারামে। তিনি দীর্ঘদিন ধরে ছেলে হেলালসহ (১৮) পরিবার নিয়ে হাসনাবাদে বসবাস করে আসছিলেন।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলাল ওই এলাকায় কৃষিকাজ করতেন এবং পরিবারসহ বাবর কলোনিতে ভাড়া থাকতেন। হেলাল কোনো কাজ না করায় মাঝেমধ্যে তার বাবা বকাঝকা করতেন।
“মঙ্গলবার দুপুরে বকাঝকার একপর্যায়ে ছেলে হেলাল ঘরের আসবাবপত্র ভাঙা শুরু করে। এ সময় বেলাল ধান কাটার কাঁচি দিয়ে তাকে ধাওয়া দেন। তখন হেলাল তার সঙ্গে থাকা ছুরি দিয়ে তাকে (বেলাল) আঘাত করে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বেলালের মৃত্যু হয়।”
ঘটনার পর থেকে হেলাল পলাতক জানিয়ে পরিদর্শক সুমন বলেন, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
