১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিভাসুতে তিন দিনের বৈজ্ঞানিক সম্মেলন শুরু হচ্ছে রোববার

“তিন দিনের সম্মেলনে ১৬০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে,” বলেন উপাচার্য।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2025, 11:30 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি বিষয়ক একটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু হবে রোববার। 

তিন দিনের এই সম্মেলনের এবারের প্রতিপাদ্য-‘স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও পুষ্টি উন্নয়নে স্থল ও জলজ বাস্তুতন্ত্রের আন্ত:বিষয়ক সমন্বয়’।

শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলন উদ্বোধনের কথা রয়েছে। 

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইসেন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ১৭তম এই আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বাংলাদেশ, ভারত, নেপাল, ভিয়েতনাম, থাইল্যান্ড ও যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে পাঁচ শতাধিক গবেষক অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। 

“তিন দিনের সম্মেলনে ১৬০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। এবারের সম্মেলনে গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।” 

সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে সম্মেলন উদ্বোধন হবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলিমুল ইসলাম এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মো. আখতার হোসেন খান। 

সম্মেলনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ লুৎফুর রহমান। স্বাগত বক্তব্য রাখবেন সম্মেলনের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো: আহসানুল হক।

সেখানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন যুক্তরাজ্যের ভেটেরিনারি এপিডেমিওলজিস্ট ও ইমেরিটাস অধ্যাপক আলাসডেয়ার অ্যালেক্স জে কুক। 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক এ কে এম হুমায়ুন কবির, বিশ্ববিদ্যালয়ের পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) অধ্যাপক এ কে এম সাইফুদ্দিন, পরিচালক (ওয়ান হেলথ ইনস্টিটিউট) অধ্যাপক মো. আহসানুল হক, পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক মোহাম্মদ রাশেদুল আলম, অধ্যাপক মো. রায়হান ফারুক এবং অধ্যাপক মো. মিজানুর রহমান।