১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অবৈধ ব্যানার-বিলবোর্ড উচ্ছেদে চট্টগ্রামে অভিযান শুরু

“নগরীর সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় অবৈধ বিলবোর্ড বা ব্যানার সহ্য করা হবে না,” বলেন মেয়র।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2026, 09:00 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

অবৈধ ব্যানার ও বিলবোর্ড সরিয়ে এক সপ্তাহের মধ্যে চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন করার কথা বলেছেন সিটি মেয়র শাহাদাত হোসেন। 

বুধবার দুপুর আড়াইটার দিকে নগরীর চকবাজার মোড়ে অবৈধ ব্যানার, বিলবোর্ড ও পোস্টার উচ্ছেদ করেন মেয়র। 

ঈদের ছুটির আগে ও ছুটি চলাকালে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাদের পক্ষ থেকে নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বেশ কিছু ব্যানার তোলা হয়।

বুধবার বিকালে ব্যানার উচ্ছেদ অভিযানে গিয়ে মেয়র বলেন, “আমি চেষ্টা করছি, এদেরকে বলার জন্য যে, আমি নিজের ব্যানার নিজে ছিঁড়ছি। কাজেই অন্যান্য যেসব নেতা আছেন, তারা যেন মনে কোনো দুঃখ না পান। 

“নিজেদের ব্যানার নিজেরা ছিঁড়তে পারলে খুবই ভালো। এক সপ্তাহের মধ্যে শহরটাকে আমরা অনেকটা পরিষ্কার করব। তারপরও এই কাজগুলো চলতে থাকবে মাসব্যাপী।”

অভিযান চলাকালে সড়ক ও বিভিন্ন স্থাপনায় টাঙানো অবৈধ বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়। 

মেয়র বলেন, “নগরীর সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় অবৈধ কোনো বিলবোর্ড বা ব্যানার সহ্য করা হবে না। আইন সবার জন্য সমান; আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়।” 

অভিযানের সময় ফুটপাত দখল করে ব্যবসায়িক মালামাল রাখার অভিযোগে দোকান মালিকদের সতর্ক করা হয়। 

বিভিন্ন দোকানের সামনে গিয়ে ফুটপাত থেকে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে মেয়র বলেন, “ফুটপাত পথচারীদের জন্য দখল করে ব্যবসা পরিচালনা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”