রাউজানে প্রবাসী বিএনপি কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি
গুলির খবরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগের দিন চট্টগ্রামের রাউজানে এক প্রবাসী বিএনপি কর্মীর বাড়ির দিকে ফাঁকা গুলি ছোড়ার খবর পাওয়া গেছে।
রাউজানের কদলপুরে শমসের পাড়া গ্রামে বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
রুস্তম আলী চৌধুরী নামে সেই বিএনপি কর্মী থাকেন সংযুক্ত আরব আমিরাতে। গুলির খবরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাত-আটজন সন্ত্রাসীর একটি দল রুস্তম আলীর বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং চকলেট বাজি ফোটায় বলে জেনেছি। পরে আমরা ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়েছি।”
ওই ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি, কেউ গ্রেপ্তারও হয়নি, বলেন ওসি।
রুস্তম আলী প্রবাসে থাকলেও তিনি বিএনপির সমর্থক বলে স্থানীয় সংবাদকর্মীরা জানিয়েছেন।
