চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পরীক্ষায় উপস্থিতি ৮৬.৬৯%
ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সি ইউনিটে বিভাগ রয়েছে ছয়টি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তির সি ইউনিটের পরীক্ষা।
শুক্রবার বেলা সোয়া ১১টা থেকে এক ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যাতে উপস্থিত ছিলেন ৮৬ দশমিক ৬৯ শতাংশ পরীক্ষার্থী।
ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম- এ তিনটি কেন্দ্রে মোট ১৬ হাজার ৯২৪ আবদেনকারীর মধ্যে পরীক্ষায় বসেন ১৪ হাজার ৬৭৩ জন।
ঢাকা কেন্দ্রে উপস্থিতির হার ৭৪ দশমিক ৩৫ শতাংশ, রাজশাহী কেন্দ্রে উপস্থিতির হার ৮৮ শতাংশ এবং চট্টগ্রাম কেন্দ্রে উপস্থিতির হার ৯২ দশমিক ৭৯ শতাংশ। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসা ও প্রশাসনের অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ তৈয়ব চৌধুরী উপস্থিতির এই চিত্র তুলে ধরেন।
ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সি ইউনিটে বিভাগ রয়েছে ছয়টি। সেগুলো হল- অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, মানবসম্পদ ও ব্যবস্থাপনা ও ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স।
এ ইউনিটে মোট আসন রয়েছে ৫১০টি। এর মধ্যে ব্যবসায় শিক্ষা গ্রুপের জন্য রয়েছে ৩৩০টি আসন, বিজ্ঞান গ্রুপের জন্য ১৪৬টি আসন ও মানবিক গ্রুপের জন্য ৩৪টি আসন। মোট আবেদনের হিসেবে আসন প্রতি লড়েন ৩৩ জন।
বিশ্ববিদ্যালয়টিতে বি ইউনিটের ভর্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে শনিবার।
