ছুরিকাঘাত করে রিকশা ছিনতাই: হাতেনাতে আটক ৩
থানার মোবাইল টিমের সদস্যরা আহত অটো চালককে দেখতে পেয়ে অটো রিকশাকে ধাওয়া করে। এ সময় একজন পালিয়ে যায়, বাকি তিন জনকে ধরা হয়।
চট্টগ্রামে চালককে ছুরিকাঘাত করে অটো রিকশা ছিনতাইয়ের ঘটনায় সময় হাতেনাতে তিন কিশোরকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
নগরীর হালিশহর এক্সেস রোড থেকে রোববার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিন জনেরই বয়স ১৬ থেকে ১৭ বছর।
হালিশহর থানার ওসি কায়সার হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হালিশহর এক্সেস রোডের গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টারের সামনে যাত্রী বেশে চার কিশোর একটি ব্যাটারি চালিত অটো রিকশাকে থামায়।
“তারা চালককে মারধর করে টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি ব্যাটারি খুলে নেওয়ার চেষ্টা করে। চালক বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে অটো রিকশা নিয়ে পালিয়ে যায়।”
ওই এলাকায় থানার মোবাইল টিমের সদস্যরা আহত অটো চালককে দেখতে পেয়ে অটো রিকশাকে ধাওয়া করে। এ সময় একজন পালিয়ে যায়, বাকি তিন জনকে ধরা হয়।
আটক তিন জনের কাছ থেকে রক্তমাখা ছুরি এবং ছিনতাই করা টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি কায়সার হামিদ।
রিকশা চালকের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
