টেপ দিয়ে হাঁটুতে মোড়ানো ছিল ৪ হাজার ইয়াবা
গ্রেপ্তার ইব্রাহীম ওরফে শফিক কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পের বাসিন্দা।
চট্টগ্রামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ; যার হাঁটুতে টেপ দিয়ে ৪ হাজার ইয়াবা মোড়ানো ছিল।
বুধবার নগরীর শাহ আমানত মাজার সংলগ্ন জেল রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ালি থানার এসআই রনি তালুকদার জানান।
গ্রেপ্তার মো. ইব্রাহীম ওরফে শফিক (২৫) কক্সবাজারের উখিয়ার বালুখালী ১২ নম্বর ক্যাম্পের জি-২ ব্লকের বাসিন্দা।
এসআই রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে গোপন সংবাদ পেয়ে শাহ আমানত মাজারের বিপরীতে জেল রোড থেকে ইব্রাহীমকে আটক করেন তারা।
“পরে তাকে তল্লাশি করে দুই হাঁটুতে টেপ দিয়ে মোড়ানো ছোট ছোট প্যাকেট থেকে চার হাজার ইয়াবা জব্দ করা হয়।”
এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
