২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘উত্তরাধিকারে সমতা প্রতিষ্ঠিত হলে নারী পায়ের নিচে মাটি পাবে’

‘বৈষম্য-দারিদ্র্যের অবসান ও মানবাধিকার সুরক্ষাসহ উন্নয়নের গতি বৃদ্ধিতে চাই নারীর জন্য পর্যাপ্ত বিনিয়োগ’ এই দাবিকে সামনে রেখে গণজমায়েত, শোভাযাত্রা, আলোচনা সভা, বক্তৃতা প্রতিযোগিতা ও নাটক প্রদর্শন করা হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2024, 05:58 PM

Updated : 07 Mar 2024, 05:58 PM

বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থা, দারিদ্র্য, বৈষম্য ও পরিবেশগত বিপর্যয় নারীকে আরো ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলছে বলে মত এসেছে চট্টগ্রামে এক আলোচনা সভায়। 

আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উপলক্ষে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এই মতামত দেন। 

‘বৈষম্য-দারিদ্র্যের অবসান ও মানবাধিকার সুরক্ষাসহ উন্নয়নের গতি বৃদ্ধিতে চাই নারীর জন্য পর্যাপ্ত বিনিয়োগ’ এই দাবিকে সামনে রেখে গণজমায়েত, শোভাযাত্রা, আলোচনা সভা, বক্তৃতা প্রতিযোগিতা ও নাটক প্রদর্শন করা হয়। 

বৃহস্পতিবার সকালে কর্মসূচির শুরুতে নগরীর শিশু একাডেমি এলাকায় কারিতাস চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের মাঠে গণজমায়েত হয়। 

এরপর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, সুশীল সমাজ, কমিউনিটি নেতা, এনজিও প্রতিনিধি তরুণ-তরুণী ও তৃণমূল নারীরা অংশ নেন। 

পরে কারিতাস চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের হলরুমে 'বাল্য বিবাহ রুখবই আমরা, যৌন হয়রানিকে না বলুন ও গৃহস্থলি কাজে পুরুষেরা অংশগ্রহণ করব' বিষয়ে বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এতে রিয়াজুল জান্নাহ মারজান প্রথম স্থান, সুমি আকতার দ্বিতীয় এবং জান্নাতুল ফেরদৌস বৃষ্টি তৃতীয় স্থান অর্জন করেন। 

বক্তব্য প্রতিযোগিতার পর অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিএনপিএস চট্টগ্রাম কেন্দ্র ব্যবস্থাপক ফেরদৌস আহম্মদ বলেন, “আন্তর্জাতিক মানবাধিকার সনদ ও বাংলাদেশের সংবিধানে নারীর সমান অধিকার থাকলেও বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থা, দারিদ্র্য, বৈষম্য ও পরিবেশগত বিপর্যয় নারীকে আরো ঝুঁকিপূর্ণ অবস্থায় পতিত করছে। 

“জেন্ডার সমতা প্রতিষ্ঠা, নারীদের দারিদ্র ও বৈষম্য মোকাবেলায় নেতৃত্ব প্রদানকারী প্রতিষ্ঠান বিএনপিএসসহ অন্যান্য প্রগতিশীল ব্যক্তি ও প্রতিষ্ঠান মনে করে বাংলাদেশে এখনও বৈষম্যমূলক উত্তরাধিকার আইন বিদ্যমান রয়েছে।” 

তিনি বলেন, “উত্তরাধিকারে সমতা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত নারীর অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সফল হবে না। উত্তরাধিকারে সমতা প্রতিষ্ঠিত হলে নারীরা পায়ের নিচে মাটি পাবে, তাদের প্রতি সমাজের সার্বিক দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন আসবে।” 

আলোচনা সভায় বক্তব্য রাখেন আকাশ কমিউনিটি ফোরামের উপদেষ্টা জাহাঙ্গীর মোস্তফা, রঞ্জন রশ্মি বড়ুয়া, প্রভাতি কমিউনিটি ফোরামের সভাপতি আনোয়ারা আলম, সদস্য রীনা বেগম, শ্যামলী শীল, প্রত্যাশা কমিউনিটি ফোরামের উপদেষ্টা শাহরিয়া রিয়াদ, বিএনপিএসের উন্নয়ন কর্মকর্তা এরশাদুল করিম, কর্মসূচি সংগঠক তপন কান্তি দে, তানজিনা নূর, বিপ্লব দাশ প্রমুখ। 

আলোচনা সভা শেষে যুবদলের সদস্যদের অংশগ্রহণে বাল্য বিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক নাটক প্রদর্শিত হয়।