হাজারী গলিতে যৌথবাহিনীর ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার
সুমন চৌধুরী চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
চট্টগ্রামের হাজারী গলিতে যৌথবাহিনীর ওপর হামলা ও অ্যাসিড নিক্ষেপের ঘটনায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে।
নগরীর লাভ লেইন এলাকা থেকে সোমবার সুমন চৌধুরী নামের এ যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।
সুমন চৌধুরী চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
সেনাবাহিনীর মেজর মো. রিজুয়ানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাজারী গলিতে যৌথবাহিনীর উপর হামলা ও অ্যাসিড নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন ও পরিকল্পনাকারী হিসেবে সুমন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।
“সোমবার সন্ধ্যায় নগরীর কোতোয়ালী থানার লাভলেইন এলাকা থেকে সুমনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আমরা তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত হয়েছি।”
হাজারী গলি মিয়া শপিং সেন্টার নামের একটি মার্কেটের ওসমান মোল্লা নামের এক দোকান মালিক হিন্দুদের ধর্মীয় সংগঠন ইসকনকে নিয়ে ‘ব্যাঙ্গাত্মক’ পোস্ট করলে গত ৫ নভেম্বর সন্ধ্যায় সেখানে তুলকালাম কাণ্ড ঘটে।
ফেইসবুক পোস্ট নিয়ে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিক্ষুব্ধরা দল বেঁধে মার্কেটের সামনে জড়ো হন, তারা দোকানটি ঘিরে রাখেন।
পরে পুলিশ গিয়ে পোস্টদাতা ওসমানকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে লোকজন উত্তেজিত হয়ে পড়েন। এ সময় পুলিশকে ধাওয়া করেন স্থানীয়রা। বিক্ষুব্ধরা বাহিনীর সদস্যদের দিকে ইটপাটকেল ছুড়ে মারে। উপর থেকে অ্যাসিডও নিক্ষেপ করার ঘটনাও ঘটে বলে যৌথবাহিনীর ভাষ্য।
রাত সাড়ে নয়টার পর পুলিশের সঙ্গে সেনাবাহিনী যৌথভাবে হাজারী গলিতে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৮২ জনকে আটক করে নিয়ে যায়।
সেখান থেকে যাচাই বাছাই শেষে ৪৯ জনকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশের ওপর হামলা ও অ্যাসিড নিক্ষেপের ঘটনায় একটি মামলা করে।
আরও পড়ুন
