৪৮ ঘণ্টা ভারী যান চলাচল বন্ধ রাখার হুঁশিয়ারি প্রাইম মুভার মালিকদের
সড়ক পরিবহন আইন-২০১৮ বাতিল, ট্যাক্স টোকেন, রুট পারমিটসহ বিভিন্ন করের ওপর আরোপিত ভ্যাট ও ফি প্রত্যাহারসহ ১১ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন করা হয়।
এগার দফা দাবি আদায়ে সময় বেঁধে দিয়ে মহাসড়কে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা ভারী যান চলাচল বন্ধ রাখা হবে বলে ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম প্রাইম মুভার মালিকরা।
সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সড়ক পরিবহন আইন-২০১৮ বাতিল, ট্যাক্স টোকেন, রুট পারমিটসহসহ ১১ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন ‘চট্টগ্রাম প্রাইম মুভার ফ্লাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের’ নেতারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে ১১ দফা দাবি মানা না হলে, ১০ ফেব্রুয়ারি ভোর ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা মহাসড়কে ভারী যান প্রাইম মুভার, ফ্লাটবেড ও লো বেড চলাচল বন্ধ রাখা হবে।
সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বলেন, “আমাদের ব্যবসা ও জীবন জীবিকা আজ ধ্বংসের পর্যায়ে। ২০১১ সালে এক্সেল লোড নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়ণ করে এবং ২০১৫ সালে তা পুরোপুরি বাস্তবায়ন করতে গিয়ে বিগত সরকারের কিছু অসাধু ব্যক্তি জরিমানার নামে ‘অসহনীয় চাঁদাবাজি’ শুরু করে।
“এ কারণে ২০১৬ সালে সাত দফা দাবিতে টানা পাঁচ দিন প্রাইম মুভার ট্রেইলার চলাচল বন্ধ রেখে কর্মবিরতি পালন করা হয়েছিল।“
তিনি বলেন, “এ প্রেক্ষিতে আন্তঃমন্ত্রণালয়ের সভায় সরকারের বিভিন্ন উচ্চ পদস্থদের উপস্থিতিতে প্রাইম মুভারসহ ভারি গাড়িগুলোতে অতিরিক্ত চাকা সংযোজন করে সেতু, মহাসড়ক রক্ষার পরিকল্পনা এবং প্রাইম মুভার ও ট্রেইলারকে একই রেজিস্ট্রেশনের আওতায় আনার আইন সংশোধন করে নীতিমালা প্রণয়ন করা হয়।
“প্রাইম মুভার ও ট্রেইলারের একই রেজিস্ট্রেশন নতুনগুলোর বেলায় কার্যকর হলেও আগে পাঁচ হাজারের বেশি প্রাইম মুভারকে এখনও একই আওতায় আনা হয়নি।”
সংবাদ সম্মেলনে মোহাম্মদ হোসেন বলেছেন সাবেক সরকারের ‘মৌখিক নির্দেশনায়’ অতিরিক্ত চাকা সংযোজন ও ফ্লাটবেড নামে মামলা দেওয়া বন্ধ থাকলেও সরকারের পট পরিবর্তনের পর দেশে অতিরিক্ত চাকা ও ফ্লাটবেড নামে পুলিশি মামলা ‘অসহনীয় হয়ে উঠেছে’।
এসব সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া না হলে পণ্য পরিবহন সেক্টর অচিরেই ধ্বংস হয়ে যাবে বলে মনে করেন মালিক সংগঠনের এ নেতা।
সংবাদ সম্মেলনে তারা বলেছেন, বিদ্যমান সমস্যা সমাধানের জন্য তারা গত ৮ ডিসেম্বর প্রধান উপদেষ্টা বরাবরে ১১ দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেছেন।
১১ দফা দাবির মধ্যে আছে-সড়ক পরিবহন আইন-২০১৮ বাতিল অথবা সাংঘর্ষিক ধারা উপধারাগুলো সংশোধন, প্রাইম মুভার ট্রেইলার ও ফ্ল্যাটবেড গাড়ির ওজন ও মাইলের ভিত্তিতে ভাড়া নির্ধারণ, আগের প্রাইম মুভার ও ট্রেইলারগুলো বিআরটিএ’র একই রেজিস্ট্রেশনের আওতায় আনা এবং ২০ ফুট কন্টেইনারবাহী গাড়ির নাম ফ্লাটবেড উল্লেখ করা, অতিরিক্ত চাকা সংযোজন এবং সেমি লোবেড, লো-বেড ও গাড়ির ধরণ পরিবর্তনের নামে মামলা ও পুলিশি হয়রানি বন্ধে ব্যবস্থা নেওইয়া।
এছাড়া ট্যাক্স টোকেন, রুট পারমিটসহ বিভিন্ন করের ওপর আরোপতি ভ্যাট ও অন্যান্য ফি প্রত্যাহার করে একই নথিতে আনা ও অগ্রিম আয়কর সর্বোচ্চ ১০ হাজার টাকায় নামিয়ে আনার দাবিও তোলা হয়েছে।
