চট্টগ্রামে খালের ধারে নারীর লাশ
ওই নারীর শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি, স্থানীয়রা কেউ তাকে চিনতে পারেননি।
চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় খালের ধারে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ পেয়েছে পুলিশ।
নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) মুকুর চাকমা জানান, বৃহস্পতিবার সকালে সিডিএ আবাসিক এলাকার ৯ নম্বর সড়কের খালের পাশে আনুমানিক ৪০ বছর বয়সী ওই নারীর লাশ পাওয়া যায়।
“খালের পাড়ে লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ওই নারীর পরনে শাড়ি ছিল। স্থানীয় লোকজন কেউ তাকে চিনতে পারেনি।“
পুলিশের ধারণা লাশটি জোয়ারের পানিতে ভেসে ওই খালের ধারে এসে ঠেকেছে।
লাশ উদ্ধারের পর সুরতহাল করা হলে ওই নারীর শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি বলে জানান সহকারী কমিশনার মুকুর চাকমা।
