২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ

জমিয়তুল ফালাহ মসজিদে দুটি ঈদ জামাত হবে।

ঈদ জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ

জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ পরিদর্শনে চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2023, 09:27 PM

Updated : 20 Apr 2023, 09:27 PM

চট্টগ্রাম নগরীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে। চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) ঈদের নামাজের সব প্রস্তুতি শেষ করেছে।

বৃহস্পতিবার মাঠ পরিদর্শন করে সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, “মুসল্লিদের সুবিধার্থে ২০০ ফ্যান, আর সামিয়ানা থাকবে। অজু করার জন্য মসজিদের অজুখানার পাশাপাশি অতিরিক্ত গাড়িতে পানির সুব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য থাকছে সিসিটিভি মনিটরিংসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষিত সদস্যরা।”

এক প্রশ্নের জবাবে মেয়র রেজাউল বলেন, “স্বাভাবিক বৃষ্টিতে নামাজ বিঘ্নিত না হওয়ার জন্য মসজিদের আশপাশের নালাগুলো পরিষ্কার করা হয়েছে। তবে অস্বাভাবিক বৃষ্টিতে পানি উঠলে মসজিদের ভেতরে জামাত হবে।”

জমিয়তুল ফালাহ মসজিদে দুটি ঈদ জামাত হবে। সকাল ৮টায় প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের খতিব হজরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।

সকাল ৯টায় দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ জমিয়াতুল ফালাহ্’র পেশ ইমাম হাফেজ মৌলানা আহমদুল হক।

চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির আয়োজনে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে সকাল ৯টায়।

জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির এই ঈদ জামাতে ইমামতি করবেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা ড. সাইয়েদ আবু নোমান।

এদিকে লালদীঘি চট্টগ্রাম সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

পাশাপাশি নগরীতে সিসিসি’র ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে ওয়ার্ডগুলোতে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে সকাল ৮টায় ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে যথাক্রমে হযরত শেখ ফরিদ (রঃ) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকী সিসিসি জামে মসজিদ (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন)।

নগরীর ৪১টি ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরগণের তত্ত্বাবধানে একটি করে ঈদ জামাত স্ব স্ব মসজিদ অথবা ঈদগাহে অনুষ্ঠিত হবে বলে সিসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।