অটোরিকশায় ‘কথার ফাঁদে ফেলে’ অপহরণ, গ্রেপ্তার ৪
বেশির ভাগ লোক টাকা দিয়ে সম্মানের কথা চিন্তা করে চক্রটির বিষয়ে সরব হতো বলে পুলিশের ভাষ্য।
‘কথার ফাঁদে ফেলে’ বাসায় নিয়ে আটকে মুক্তিপণ দাবির অভিযোগে চট্টগ্রামে চারজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
নগরীর হালিশহর থানার রুঙ্গী পাড়া ও মুহুরি পাড়ার উত্তরা আবাসিক এলাকা থেকে রোববার গভীর রাতে তাদের গ্রেপ্তার করে ‘অপহৃত’ ব্যক্তিকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার চারজন হলেন- মো. জাহেদ আলম (১৮), বেলাল হোসেন ইমন (১৮), মো. কাউছার (১৯) ও মো. ইমন (১৮)।
অভিযানের নেতৃত্ব দেওয়া কোতোয়ালি থানার এসআই মোমিনুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তাররা একটি চক্রের সদস্য। তাদের সাথে নারীও জড়িত আছে। তাদের মধ্যে কেউ কেউ নগরীতে সিএনজি অটোচালকের বেশে ঘুরে বেড়ায়।
“টার্গেট করা যাত্রী পেলে হালিশহরের উত্তরা আবাসিক এলাকার একটি বাসায় নিয়ে আটকে নারীদের সাথে ‘অশ্লীল ছবি’ তুলে ছড়িয়ে দেওয়ার কথা বলে টাকা আদায় করে।”
পুলিশ কর্মকর্তা মোমিনুল জানান, রোববার রাতে এক ব্যক্তি থানায় এসে অভিযোগ করেন, তার শ্বশুরকে অপহরণ করে ফোনে পাঁচ লাখ টাকা দাবি করা হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশের একটি দল অভিযানে গিয়ে রুঙ্গী পাড়া থেকে জাহেদ ও ইমনকে আটক করে।
তাদের দেওয়া তথ্যে মুহুরি পাড়ার উত্তরা আবাসিক এলাকার ‘মান্নান ভবন’ নামে একটি পাঁচ তলা ভবনের একটি বাসা থেকে ‘অপহৃত’ ব্যক্তিকে উদ্ধার ও অপর দুজনকে আটক করা হয়। তবে অভিযানে মনোয়ার নামে এক যুবক ও ইয়াছমিন আক্তার নামে অপর এক নারী পালিয়ে যান বলে জানান মোমিনুল।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ৫৯ বছর বয়সী ওই ব্যক্তি নগরীর একটি বীমা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। রোববার তিনি হাজারি গলি এলাকায় ওষুধ কিনতে গিয়েছিলেন। সেখান থেকে একটি অটোরিকশায় ওঠার পর তাকে ‘কথার ফাঁদে’ ফেলে হালিশহরে নিয়ে বাসাটিতে আটকে রাখা হয়।
এসআই মোমিনুল জানান, যে বাসা থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়, সেটি পলাতক মনোয়ারের ভাড়া করা বাসা। গ্রেপ্তার জাহেদ, ইমন ও পলাতক মনোয়ার অটোরিকশা চালকের বেশে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। তারা ‘টার্গেট’ করা যাত্রী পেলে তাকে আটকে মনোয়ারের বাসায় নিয়ে ‘অশ্লীল ছবি’ তুলে তা ছড়িয়ে দেওয়ার কথা বলে টাকা দাবি করে।
“উদ্ধার করা ব্যক্তিকে আটকে প্রথমে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। পরে সেটি চার লাখে নেমে আসে। তার পরিবারের লোকজন তিন দফায় ৪৫ হাজার টাকা পরিশোধও করেন। আরও টাকার জন্য তারা মারধরও করে ওই ব্যক্তিকে।”
এসআই মোমিনুল বলেন, এ চক্রটি বিভিন্ন সময়ে লোকজনকে আটকে রেখে টাকা আদায় করত। কিন্তু বেশিরভাগ লোক টাকা দিয়ে সম্মানের কথা চিন্তা করে বিষয়টি গোপন রাখতেন।
