১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঝড়ের পরে সীতাকুণ্ডে এসে ভিড়ল শ’খানেক মহিষ

মিরসরাই ও উড়িরচর উপকূলীয় এলাকা থেকে এসব মহিষ ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

ঝড়ের পরে সীতাকুণ্ডে এসে ভিড়ল শ’খানেক মহিষ

ঝড়ের পরে সীতাকুণ্ড উপকূলে এসে উঠেছে এসব মহিষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2022, 10:08 PM

Updated : 26 Oct 2022, 12:33 PM

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে জোয়ারে চট্টগ্রামের সীতাকুণ্ড সমুদ্র উপকূলে ভেসে এসেছে শ’ খানেক মহিষ।

স্থানীয় প্রশাসনের ধারণা, মিরসরাই ও উড়িরচর উপকূলীয় এলাকা থেকে এসব মহিষ ভেসে এসেছে।

ঝড় উপকূল অতিক্রম করার পর মঙ্গলবার দুপুরের পর থেকে মহিষের পাল সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া, কুমিরা, সোনাইছড়ি, বাড়বকুণ্ড, মুরাদপুর ইউনিয়নে আসতে থাকে।

প্রশাসন বলছে, ভেসে আসা মহিষগুলোকে স্থানীয়ভাবে হেফাজতে রাখতে বলা হয়েছে। পরবর্তীতে প্রমাণ সাপেক্ষে তা সংশ্লিষ্ট মালিকদের ফেরত দেওয়া হবে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরের পর থেকে শ’খানেক মহিষ উপকূলীয় এলাকায় ভেসে আসার খবর পেয়েছি।

“বিশেষ করে বাঁশবাড়িয়া, কুমিরা ও সোনাইছড়ি ইউনিয়নে মহিষের পাল বেশি এসেছে। অন্য কয়েকটি ইউনিয়নেও মহিষের পাল ভেসে এসেছে, তবে সেখানে সংখ্যায় কম।”

উপজেলা নির্বাহী কর্মকর্তার ধারণা, চট্টগ্রামের মিরসরাই ও উড়িরচর উপকূল থেকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট অতিরিক্ত জোয়ারে এসব মহিষ ভেসে আসতে পারে।

তিনি বলেন, ওইসব এলাকায় স্থানীয় প্রশাসন, নৌপুলিশ ও স্থানীয় জনপ্রতিধিরা এসব মহিষের তদারকি করছেন। পরবর্তীতে মালিকানা দাবি সাপেক্ষে ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

এদিকে দ্বীপ উপজেলা সন্দ্বীপ উপকূলেও দুটি ইউনিয়নে একশ’র মতো মহিষ ভেসে এসেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মগধরা ও সারিকাইত ইউনিয়নের উপকূলে মহিষের পাল মিলেছে। মিরসরাই ও নোয়াখালীর উপকূল থেকে জোয়ারে এসব মহিষ ভেসে এসেছে বলে মনে করছি।”

সন্দ্বীপ থেকে মহিষ ভেসে যাওয়ার কোনো তথ্য পানি বলে জানান তিনি।