দুই ভোটকেন্দ্র ঘুরে দেখলেন চট্টগ্রামের ডিসি
“আমাদের কেবল ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করলেই হবে না। ভোটকেন্দ্রের প্রতি ভোটারদের আস্থা ফিরিয়ে আনতে হবে,” বলেন তিনি
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ভোটারদের আস্থা ফেরাতে ও ভোটগ্রহণের প্রস্তুতি খতিয়ে দেখতে’ জেলা প্রশাসক শনিবার সরেজমিন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।
হাটহাজারী উপজেলার ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটার মোট ৪ হাজার ৮৪৫ জন। আর ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ৫৪০ জন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ভোটগ্রহণ কার্যক্রমের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, ভোটারদের উপস্থিতি, শৃঙ্খলা ও ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “আমাদের কেবল ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করলেই হবে না। ভোটকেন্দ্রের প্রতি ভোটারদের আস্থা ফিরিয়ে আনতে হবে।”
তিনি উপস্থিত সকল কর্মকর্তাকে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ ত্রিপুরাসহ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
